ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হলো কুকুর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১১:২৯ এএম

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ‘বেইলি’ নামের একটি পোষ্য কুকুরকে। প্রায় এক মাস ধরে খাবার ও পানির অভাবে কংক্রিটের স্তূপের নিচে আটকে থাকলেও প্রাণে বেঁচে যায় প্রাণীটি। এই ঘটনাকে অলৌকিক বলে উল্লেখ করেছেন উদ্ধারকর্মীরা। একই সঙ্গে ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচে বেইলির অবস্থান শনাক্ত করে। দীর্ঘ ২৯ দিন এমন প্রতিকূল পরিবেশে বেঁচে থাকা প্রাণীটির উদ্ধার অভিযানে অংশ নেওয়া সদস্যদেরও বিস্মিত করেছে।

গত জুন মাসের শেষ দিকে ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে হাজারো ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়। ভয়াবহ এ দুর্যোগে প্রায় পাঁচ হাজার মানুষের প্রাণহানি ঘটে এবং ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়।

উদ্ধার অভিযান প্রায় শেষ পর্যায়ে পৌঁছে যাওয়ার পর যখন আর কোনো জীবিতের সন্ধান পাওয়ার আশা ছিল না, ঠিক তখনই ধ্বংসস্তূপের নিচে বেইলিকে খুঁজে পান উদ্ধারকারীরা। ধুলাবালিতে ঢাকা অবস্থায় কুকুরটি তার মালিকের মৃত মায়ের মরদেহের পাশেই গুটিসুটি মেরে পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, সেখানেই আশ্রয় নিয়ে টানা ২৯ দিন বেঁচে ছিল প্রাণীটি।

চিকিৎসকদের মতে, দীর্ঘদিন অনাহার ও পানিশূন্য অবস্থায় থাকলেও বর্তমানে বেইলির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে সে।

এদিকে, এই ভূমিকম্পে ১১ বছর বয়সী ভিক্টোরিয়া তার মা ও দাদিকে হারিয়েছে। বেইলির চিকিৎসায় নিয়োজিত পশুচিকিৎসক মিরনা জানান, এটি সত্যিই বিস্ময়কর একটি ঘটনা। কুকুরটির চোখে কিছু আঘাতের চিহ্ন থাকলেও দ্রুত সুস্থ হয়ে ওঠার বিষয়ে তারা আশাবাদী।

উদ্ধারের সময় ধারণ করা ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপ থেকে বের করার পর উদ্ধারকর্মীরা বেইলিকে পানি পান করান। পরে চিকিৎসকেরা জরুরি ভিত্তিতে তার শরীরে স্যালাইন প্রয়োগ করে চিকিৎসা শুরু করেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970