চুক্তি লঙ্ঘনের অভিযোগ, আবারও আন্দোলনের আলটিমেটাম ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৯:০৩ পিএম

ছবি: সংগৃহীত

সরকারের সঙ্গে হওয়া সমঝোতা বাস্তবায়ন না করে আন্দোলনকারীদের গ্রেফতার ও হয়রানির অভিযোগ তুলে আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির দাবি, সরকারের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করা হচ্ছে এবং বিভিন্ন রাজ্যে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে দমনমূলক পদক্ষেপ অব্যাহত রয়েছে।

সোমবার (২৭ জুলাই) আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র আশুতোষ রঙ্কা ও সৌরভ দাসের সঙ্গে উপস্থিত ছিলেন স্বতন্ত্র রাজ্যসভা সদস্য এবং জ্যেষ্ঠ আইনজীবী কপিল সিবল। তারা আন্দোলনকারীদের নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এ সময় আন্দোলনের সময় সংগৃহীত ছবি ও ভিডিও নিরাপদে সংরক্ষণের জন্য ‘সাক্ষী’ নামে একটি নতুন ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ চালু করা হয়। দলটির দাবি, ক্রিপ্টোগ্রাফিক ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে এসব তথ্য এমনভাবে সংরক্ষণ করা হবে, যাতে পরে সেগুলো পরিবর্তন করা সম্ভব না হয় এবং আইনি প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়।

সংবাদ সম্মেলনে সৌরভ দাস বলেন, ৩৬ দিনের আন্দোলন প্রত্যাহারের পরও সরকার ভবিষ্যতে আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে—এমন আশঙ্কা থেকেই তারা শুরু থেকেই কপিল সিবলের আইনি পরামর্শ নিয়েছিলেন। অতীতের বিভিন্ন আন্দোলনের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, আন্দোলন শেষ হওয়ার পর অনেক ক্ষেত্রেই অংশগ্রহণকারীদের বিরুদ্ধে পৃথকভাবে মামলা করা হয়েছে।

অন্যদিকে আশুতোষ রঙ্কা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না—সরকারের এমন প্রতিশ্রুতি মানা হচ্ছে না।

তার দাবি, দিল্লিসহ বিভিন্ন রাজ্যে স্বেচ্ছাসেবকদের হয়রানি করা হচ্ছে এবং শুধু বিহার ও পশ্চিমবঙ্গেই শত শত শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, দ্রুত শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর প্রত্যাহার এবং আটক ব্যক্তিদের মুক্তি না দিলে সিজেপি আবারও আন্দোলনে নামবে। পাশাপাশি আগামীকালের মধ্যে আইনি মামলাসংক্রান্ত লিখিত চুক্তি ও সরকারের নির্ধারিত সময়সূচি প্রকাশেরও দাবি জানান তিনি।

এর আগে নিট-ইউজি পরীক্ষায় অনিয়ম এবং পরীক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে যন্তর মন্তরে টানা ৩৬ দিন আন্দোলন চালায় সিজেপি। পরে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার পর তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর প্রত্যাহার এবং পরীক্ষা সংস্কারের আশ্বাস পাওয়ার পর গত ২৫ জুলাই আন্দোলন স্থগিত করা হয়।

তবে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া এবং বিহার ও পশ্চিমবঙ্গে ধরপাকড় অব্যাহত থাকায় পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। পাটনার এসএসপি কার্তিকেয় কে শর্মা জানিয়েছেন, গত ২৫ জুলাইয়ের সহিংসতার ঘটনায় ৮৬ জন বিক্ষোভকারীকে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে এবং ৬০ জনকে ব্যক্তিগত মুচলেকায় মুক্তি দেওয়া হয়েছে।

বর্তমানে আটক আন্দোলনকারীদের মুক্তি এবং প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করতে সিজেপির আইনি দল দেশজুড়ে আইনজীবীদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970