ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৭:১১ পিএম
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে ‘চোর’ ও ‘সাজাপ্রাপ্ত আসামি’ বলে কটূক্তি করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। এ মন্তব্যকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। এরই মধ্যে আর্জেন্টিনা থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ব্রাজিল।
গত রোববার সাও পাওলো শহরে যুক্তরাষ্ট্রপন্থি প্রেসিডেন্ট প্রার্থী ফ্লাভিও বলসোনারোর নির্বাচনি প্রচারণায় অংশ নেন হাভিয়ের মিলেই। সেখানে বক্তব্য দেওয়ার সময় তিনি ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্টকে ‘চোর’ এবং ‘সাজাপ্রাপ্ত আসামি’ বলে উল্লেখ করেন। যদিও তিনি সরাসরি লুইজ ইনাসিও লুলা দা সিলভার নাম উচ্চারণ করেননি।
মিলেইর এ মন্তব্যকে ব্রাজিল সরকার, দেশটির জনগণ এবং গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি অবমাননাকর বলে উল্লেখ করেছে ব্রাজিল। এর প্রতিবাদ হিসেবে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্স থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
এদিকে এক অনুষ্ঠানে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা কঠোর প্রতিক্রিয়া জানিয়ে বলেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বিদেশি নেতা বা রাষ্ট্রের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। তিনি আরও বলেন, কোনো বহিরাগত চাপ ছাড়াই ব্রাজিলের সরকার দেশ পরিচালনা করে যাবে।