কিছুতেই বিয়ে হচ্ছে না! হতাশায় ৬ মাসে প্রাণ দিলেন ২৯ যুবক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১১:১৩ পিএম
ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় চলতি বছরের প্রথম ছয় মাসে আত্মহত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। জেলা পুলিশের প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে সেখানে মোট ৪৩১ জন আত্মহত্যা করেছেন। এর মধ্যে ২৯ জন পুরুষের ক্ষেত্রে বিয়ে না হওয়া বা বিয়ের আলোচনা ভেঙে যাওয়াকে আত্মহত্যার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে তৈরি প্রতিবেদনে বলা হয়েছে, আত্মহত্যাকারীদের মধ্যে ৩৮৩ জন পুরুষ, ২৯ জন নারী, ৮ জন কিশোর এবং ১১ জন কিশোরী রয়েছেন। পরিসংখ্যান অনুযায়ী, এ সময়ে পুরুষদের আত্মহত্যার হার নারীদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
পুলিশের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আত্মহত্যার পেছনে আর্থিক সংকট, পারিবারিক অশান্তি, মানসিক অবসাদ, মাদক বা মদ্যপানের আসক্তি, ঋণের চাপ এবং দীর্ঘমেয়াদি অসুস্থতার মতো বিভিন্ন কারণ ভূমিকা রেখেছে। পাশাপাশি ২৯ জন পুরুষের ক্ষেত্রে বিয়ে না হওয়া বা বিয়ের প্রক্রিয়া ভেঙে যাওয়ার বিষয়টিও একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উঠে এসেছে।
বিশ্লেষকদের মতে, জলগাঁও জেলায় নারী-পুরুষের জনসংখ্যার অনুপাত তুলনামূলকভাবে অসম। প্রতি এক হাজার পুরুষের বিপরীতে সেখানে প্রায় ৯২৫ জন নারী রয়েছেন। শহরাঞ্চলে এই অনুপাত আরও কম। তাদের ধারণা, উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে পেতে দীর্ঘ সময় অপেক্ষা, সামাজিক চাপ এবং ব্যক্তিগত হতাশা কিছু মানুষের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, আত্মহত্যার পেছনে সাধারণত একাধিক সামাজিক, অর্থনৈতিক ও মানসিক কারণ একসঙ্গে কাজ করে। তাই কোনো একটি কারণকে এককভাবে দায়ী না করে মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করা, সামাজিক সহায়তা বাড়ানো এবং সংকটে থাকা ব্যক্তিদের সময়মতো প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।