বিশ্বকাপের পর মাঠে নেমেই নেইমারের জোড়া গোল, সমালোচনার কড়া জবাব
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৬:৫৫ পিএম
সমালোচনার ঝড়কে মাঠের পারফরম্যান্স দিয়েই জবাব দিলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। বিশ্বকাপ শেষে ক্লাব ফুটবলে ফিরেই দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে জোড়া গোল করেছেন তিনি। তার দুই গোলের সুবাদে ব্রাজিলিয়ান সিরি ‘আ’ লিগে শাপকোয়েন্সের বিপক্ষে হার এড়িয়েছে সান্তোস।
বিশ্বকাপ শেষে দেশে ফেরার পর সান্তোস যখন কোপা সুদামেরিকানার গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে ব্যস্ত, তখন পোকার খেলায় অংশ নেওয়ায় সমালোচনার মুখে পড়েন নেইমার। বিষয়টি নিয়ে সমর্থক ও গণমাধ্যমে ব্যাপক আলোচনা হলেও মাঠে নেমেই সেই সমালোচনার জবাব দিয়েছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।
ম্যাচের শুরুতেই সান্তোসকে এগিয়ে দেন নেইমার। সতীর্থের সঙ্গে চমৎকার বোঝাপড়ার পর প্রতিপক্ষের ডি-বক্সে নিখুঁত শটে বল জালে পাঠান তিনি। গোলের পর পোকার খেলার ভঙ্গিতে উদযাপন করে সমালোচকদের উদ্দেশে প্রতীকী বার্তা দেন এই ব্রাজিলিয়ান তারকা।
একপর্যায়ে শাপকোয়েন্স ২-১ ব্যবধানে এগিয়ে গেলে সান্তোসের হার প্রায় নিশ্চিত মনে হচ্ছিল। তবে শেষ দিকে আবারও জ্বলে ওঠেন নেইমার। তার দ্বিতীয় গোলেই ম্যাচে সমতা ফেরে এবং গুরুত্বপূর্ণ এক পয়েন্ট নিশ্চিত করে সান্তোস।
বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পর চোট ও ফিটনেস সমস্যার কারণে কয়েক সপ্তাহ মাঠের বাইরে ছিলেন নেইমার। এ সময় সান্তোস কর্তৃপক্ষ তাকে বিশেষ ফিটনেস কর্মসূচির আওতায় রাখে। পোকার খেলা নিয়ে বিতর্কের মধ্যে অনুশীলন মাঠ থেকেই ভিডিও বার্তায় নিজের অবস্থানও ব্যাখ্যা করেন তিনি।
নেইমার বলেন, ‘আমি সকালে অনুশীলন করেছি। ম্যাচে যাইনি, কারণ তখনই আমার অনুশীলন চলছিল। পরের দিন আমার ছুটি ছিল।’
সমালোচনার জবাবে তিনি আরও বলেন, ‘আমি কি অনুশীলন করতে পারব, নাকি তোমরা শুধু সমালোচনা করতেই থাকবে? নিজেদের কাজেই মন দাও।’
দীর্ঘদিন পর সান্তোসের জার্সিতে ফিরে নেইমারের এই পারফরম্যান্স দলকে যেমন স্বস্তি দিয়েছে, তেমনি সমর্থকদেরও নতুন করে আশাবাদী করেছে। মাঠের বাইরের বিতর্ক থাকলেও নিজের ফুটবল দক্ষতায় যে তিনি এখনো দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়, সেটিই আবারও প্রমাণ করলেন এই ব্রাজিলিয়ান তারকা।