বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ, শীর্ষে মিশরের কোচ হোসাম

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৭:৩৪ পিএম

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বিতর্ক ও ষড়যন্ত্রের অভিযোগ ছড়িয়ে পড়েছে। এর মধ্যেই ‘আর্জেন্টিনাবিরোধী’ প্রচারণা চালানোর অভিযোগ তুলে আন্তর্জাতিক অঙ্গনের ১০ জন পরিচিত ব্যক্তির একটি তালিকা প্রকাশ করেছে আর্জেন্টিনার টেলিভিশন অনুষ্ঠান তোদো নতিসিয়াস, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। এরপর দেশটির অনেক সমর্থক ম্যাচটি ঘিরে বিভিন্ন ষড়যন্ত্রের অভিযোগ তুলতে থাকেন। সেই প্রেক্ষাপটে প্রকাশিত তালিকায় প্রথমেই রাখা হয়েছে মিসরের জাতীয় দলের কোচ হোসাম হাসানকে।

শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারের পর হোসাম হাসান কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম বেইন স্পোর্টস-কে দেওয়া সাক্ষাৎকারে অভিযোগ করেন, ম্যাচে মিসর বঞ্চিত হয়েছে। তার দাবি ছিল, তাদের একটি পেনাল্টি পাওয়া উচিত ছিল এবং একটি বৈধ গোল বাতিল করা হয়েছে। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, লিওনেল মেসিকে টুর্নামেন্টে এগিয়ে রাখতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়েছে কি না।

তালিকায় জায়গা পেয়েছেন ব্রিটিশ সংবাদমাধ্যম ব্যক্তিত্ব পিয়ার্স মরগানও। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণের সমালোচনা করে লিখেছিলেন, দলের আচরণ ছিল অত্যন্ত নিন্দনীয় এবং বিশেষ করে লিয়ান্দ্রো পারেদেসের আচরণ ফুটবলের জন্য কলঙ্কজনক।

এ মন্তব্যের জবাবে তোদো নতিসিয়াস অনুষ্ঠানের উপস্থাপক জোনাথান ফিয়ালি মরগানের বক্তব্যের কড়া সমালোচনা করেন।

এ ছাড়া তালিকায় রয়েছেন মার্কিন অভিনেতা স্যামুয়েল এল. জ্যাকসন, যিনি আর্জেন্টিনাকে ‘সবচেয়ে বর্ণবাদী দেশ’ বলে মন্তব্য করেছিলেন। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর সমর্থক হিসেবে পরিচিত জনপ্রিয় কনটেন্ট নির্মাতা আইশো স্পিডও তালিকায় আছেন। স্পেনের শিরোপা জয়ের পর তার উদযাপন এবং আর্জেন্টাইন সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনাও আলোচনায় আসে।

প্রকাশিত তালিকার অন্যদের মধ্যে রয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম, স্প্যানিশ সংগীতশিল্পী রোসালিয়া এবং চিলির অভিনেতা পেদ্রো পাসকাল।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমের এই প্রতিবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। একদল এটিকে আর্জেন্টিনার অবস্থান তুলে ধরার চেষ্টা হিসেবে দেখছেন। অন্যদিকে সমালোচকদের মতে, সাধারণ সমালোচনাকেই পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে উপস্থাপন করে বিষয়টিকে অযথা অতিরঞ্জিত করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970