ভোরে মাঠে নামছেন নেইমার, খেলা দেখবেন যেভাবে
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১১:৩৯ পিএম
ব্রাজিলের শীর্ষ ফুটবল লিগ ব্রাসিলেইরাও সিরি ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠ ভিলা বেলমিরোতে চ্যাপেকোয়েন্সের মুখোমুখি হবে সান্তোস। অবনমন অঞ্চলের কাছাকাছি অবস্থান করায় এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনো ফল ভাবছে না নেইমারদের দল।
রোববার (২৬ জুলাই) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। দীর্ঘ বিরতির পর এই ম্যাচ দিয়েই আবারও সান্তোসের হয়ে মাঠে নামতে যাচ্ছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র।
সম্প্রতি আন্তর্জাতিক দায়িত্ব শেষ করে ক্লাব ফুটবলে মনোযোগ দিয়েছেন নেইমার। গত ১৮ জুলাই সান্তোসের সিটি রেই পেলে প্রশিক্ষণ কেন্দ্রে ফিরলেও প্রথম দিন মাঠে অনুশীলনে অংশ নেননি তিনি। সেদিন জিমে ফিটনেস অনুশীলন এবং শারীরিক সক্ষমতা যাচাইয়ের বিভিন্ন পরীক্ষায় অংশ নেন।
এরপর শুক্রবার (২৪ জুলাই) পূর্ণ উদ্যমে দলের সঙ্গে অনুশীলন করেন নেইমার। ফলে চ্যাপেকোয়েন্সের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশেই তাকে দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।
সান্তোসের হয়ে সর্বশেষ গত ১৭ মে করিন্থিয়ান্সের বিপক্ষে খেলেছিলেন নেইমার। সেই ম্যাচে ৩-০ গোলের ব্যবধানে হেরেছিল তার দল। এরপর বোটাফোগোর কাছেও ২-১ গোলে পরাজিত হওয়ায় অবনমন অঞ্চলের কাছাকাছি নেমে গেছে সান্তোস। এমন পরিস্থিতিতে নেইমারের প্রত্যাবর্তন দলটির জন্য বড় স্বস্তির খবর হিসেবে বিবেচিত হচ্ছে।
এদিকে, নেইমারের প্রত্যাবর্তনের ম্যাচ ঘিরে বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তবে দেশের দর্শকদের ম্যাচটি দেখতে হবে বিভিন্ন ডিজিটাল ও অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মের মাধ্যমে।
দক্ষিণ আমেরিকার লিগগুলোর আন্তর্জাতিক সম্প্রচার স্বত্বধারী প্ল্যাটফর্ম ফানাটিজ-এর অ্যাপ বা ওয়েবসাইটে নির্ধারিত সাবস্ক্রিপশন নিয়ে দর্শকরা সরাসরি উচ্চমানের সম্প্রচারে ম্যাচটি উপভোগ করতে পারবেন।