পরকীয়া সম্পর্কের জেরে সৌদি প্রবাসী মোকাররমকে খুন করে ৮ টুকরো, মা-মেয়ে গ্রেপ্তার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৯:১৭ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর মুগদায় সৌদি প্রবাসী মোকাররম হত্যার ঘটনায় মা-মেয়েকে গ্রেপ্তার করেছে র‌্যাব। হত্যাকাণ্ডের পেছনে পরকীয়া সম্পর্ক ও অর্থ আত্মসাতের ঘটনা জড়িত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় ব্যবহৃত বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা ও সৌদি প্রবাসী মোকাররমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। পরে তার মরদেহ খণ্ড-বিখণ্ড করে পলিথিনে মুড়িয়ে রাজধানীর মান্ডা এলাকার বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হেলেনা বেগম ও তার মেয়ে হালিমাকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাবের প্রাথমিক তদন্তে জানা গেছে, ৫ লাখ টাকার বেশি আত্মসাতের ঘটনাকে কেন্দ্র করে মোকাররমকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করা হয়। হত্যার পর মরদেহ কয়েক টুকরো করে ফেলে রাখা হয় বিভিন্ন স্থানে।

এর আগে রোববার দুপুর দেড়টার দিকে মুগদা থানার পুলিশ মান্ডা প্রথম গলির আব্দুল করিম রোডের ২৬০/১ নম্বর শাহনাজ ভিলার বেজমেন্ট থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার করে। মরদেহটি সাত টুকরো অবস্থায় পাওয়া গেলেও তখন মাথা উদ্ধার করা সম্ভব হয়নি।

মুগদা থানার তদন্ত পরিদর্শক মো. জালাল উদ্দিন জানান, মরদেহটি পচাগলা ছিল এবং শরীরের বিভিন্ন অংশ পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর অন্য কোথাও মরদেহ টুকরো করে এনে ভবনের বেজমেন্টে ফেলে রাখা হয়।

তিনি আরও জানান, ঘটনার রহস্য উদঘাটনে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। পাশাপাশি পিবিআই ঘটনাস্থল থেকে আঙুলের ছাপ সংগ্রহ করেছে।

পুলিশ ও র‌্যাব জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970