রাজধানীর মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে বোমা বিস্ফোরণ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১০:১১ পিএম
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে আরও একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (২৪ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে তদন্ত শুরু করেন। তারা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন। নিরাপত্তার স্বার্থে সড়কের এক পাশ দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাতের দিকে মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে হঠাৎ বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে। এরপরই ঘটনাস্থলে ছুটে আসেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং পুরো এলাকা নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে আসেন।
পরে তল্লাশি চালিয়ে একটি ছাতার ভেতরে মোড়ানো অবস্থায় আরও একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়। সেটি নিরাপদে নিষ্ক্রিয় করার কাজ করছে বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট। কীভাবে এই ঘটনা ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।