ধানমন্ডির পরিত্যক্ত সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১০:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডির পরিত্যক্ত সুধা সদন থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে ধানমন্ডির ৫ নম্বর সড়কে অবস্থিত ভবনটির একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) ওয়াদুজ্জামান জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভবনের একটি পরিত্যক্ত কক্ষে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পায়। পরে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য, আঙুলের ছাপের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়েছে। নিহতের নাম মো. শাকিল (২০)। তিনি রাজধানীর মোহাম্মদপুরের জিগাতলার শিবপুর টালি অফিস এলাকার বাসিন্দা।

মরদেহটি উদ্ধার করে শনিবার বিকেলে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, সুধা সদন ছিল পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ার বাসভবন। তার ডাকনাম ‘সুধা মিয়া’ হওয়ায় বাড়িটির নাম রাখা হয় ‘সুধা সদন’। পরবর্তী সময়ে এটি আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কার্যালয় হিসেবেও ব্যবহৃত হয়।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ধানমন্ডির এই ভবনে একাধিক দফায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকেই ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970