৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৭:০১ পিএম
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। নির্ধারিত তিনটি শর্ত মেনে চলার শর্তে হাসপাতালটির কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা এ-সংক্রান্ত আদেশ জারি করে।
আদেশে বলা হয়, গত ১৯ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে জারি করা নির্দেশনায় হাসপাতালটির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে গঠিত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক বিবেচিত হওয়ায় এবং নির্ধারিত শর্ত পূরণের ভিত্তিতে হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়েছে।
সরকারের নির্দেশনায় হাসপাতালটির জন্য তিনটি শর্ত নির্ধারণ করা হয়েছে। প্রথমত, দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২-এর বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। দ্বিতীয়ত, লাইসেন্সের শর্ত অনুযায়ী চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। তৃতীয়ত, লাইসেন্সের শর্ত লঙ্ঘন করলে সরকার বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
উল্লেখ্য, গত ১৯ জুলাই স্বাস্থ্য অধিদপ্তর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের নির্দেশনা জারি করেছিল। পরে তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে হাসপাতালটির লাইসেন্স পুনর্বহাল করা হয়।