টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬, ১০:২৩ পিএম
আগামী আগস্টে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা চার দিনের ছুটি উপভোগের সম্ভাবনা তৈরি হয়েছে। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট বুধবার সাধারণ ছুটি পালন করা হবে।
এর পরদিন ২৭ আগস্ট বৃহস্পতিবার কর্মদিবস হলেও ২৮ ও ২৯ আগস্ট যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে বৃহস্পতিবার এক দিনের ছুটি সমন্বয় করতে পারলে সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ পাবেন।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। তবে জরুরি ও জনসেবামূলক বিভিন্ন খাত এই ছুটির আওতার বাইরে থাকবে।
ছুটিকালেও বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ, ফায়ার সার্ভিস, টেলিযোগাযোগ, ইন্টারনেট ও ডাকসেবাসহ প্রয়োজনীয় সেবাগুলো স্বাভাবিকভাবে চালু থাকবে। একই সঙ্গে হাসপাতাল, স্বাস্থ্যসেবা খাতের কর্মী, ওষুধ ও জরুরি সরঞ্জাম পরিবহন এবং জরুরি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা নিজ নিজ দায়িত্ব পালন করবেন।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে উচ্চ ও নিম্ন আদালতের ছুটি সংক্রান্ত সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
প্রতি বছর সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হলে অনেক কর্মকর্তা-কর্মচারী দীর্ঘ অবকাশের পরিকল্পনা করেন। এবারও অনুরূপ সুযোগ তৈরি হওয়ায় তাদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে। তবে চূড়ান্ত ছুটির সময়সূচি নির্ভর করবে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চাঁদ দেখার ওপর।