দেশেই তৈরি হবে মেসি-রোনালদোর মতো খেলোয়াড়: প্রধানমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৯:২০ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশের মাটি থেকেই ভবিষ্যতে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও কিলিয়ান এমবাপ্পের মতো বিশ্বমানের ফুটবলার উঠে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২০ জুন) বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী শিশুদের খেলাধুলার সুযোগ-সুবিধা আরও বাড়ানো হচ্ছে। ক্রিকেটের পাশাপাশি ফুটবল ও অন্যান্য খেলাতেও বাংলাদেশকে বিশ্বে পরিচিত করে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। একই সঙ্গে শিশুদের সৃজনশীল ও মেধাভিত্তিক বিকাশে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।

তিনি আরও বলেন, কেউ যদি গান শিখতে চায়, ছবি আঁকতে চায় কিংবা কোরআন তেলাওয়াত করতে আগ্রহী হয়, তাহলে তাদের জন্যও উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করবে সরকার।

শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তারাই দেশের ভবিষ্যৎ। তাই খেলাধুলার পাশাপাশি পড়াশোনা ও সংস্কৃতি চর্চাতেও দক্ষ হয়ে উঠতে হবে। এতে একটি সমৃদ্ধ ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। ভবিষ্যতে দেশের শিশুদের মধ্য থেকেই মেসি, রোনালদো ও এমবাপ্পের মতো তারকা খেলোয়াড় তৈরি হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি অলিম্পিকসহ আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় প্রধানমন্ত্রী ঘোষণা দেন, আগামী বছর থেকে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ‘প্রাইম মিনিস্টার্স কাপ’ চালু করা হবে। বিশ্বের দরবারে বাংলাদেশের দূত হিসেবে নিজেদের গড়ে তুলতে শিশুদের প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগের পাবনার সাঁথিয়ার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ময়মনসিংহের নান্দাইলের আচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে নারী ফুটবলারদের দারুণ নৈপুণ্য উপভোগ করেন প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সদস্যরা। পরে চ্যাম্পিয়ন জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন তিনি।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল দেশব্যাপী শুরু হওয়া প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে প্রায় ২২ লাখ শিক্ষার্থী অংশ নেয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970