মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: ববি হাজ্জাজ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৯:১০ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরে এক ব্যতিক্রমী চুরির ঘটনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, এলাকার নিরাপত্তা জোরদারে ব্যক্তিগত উদ্যোগে স্থাপন করা সিসি ক্যামেরাও চোরের হাত থেকে রক্ষা পায়নি।

শুক্রবার (১৯ জুন) বিকেলে মোহাম্মদপুরের রিং রোডে অবস্থিত সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা-১৩ আসনের নাগরিকদের অংশগ্রহণে আয়োজিত এক উন্মুক্ত টাউন হল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ জানান, এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে তিনি নিজ উদ্যোগে কয়েকটি সিসি ক্যামেরা স্থাপন করেছিলেন। কিন্তু সেগুলো বসানোর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই চুরি হয়ে যায়। তার ভাষ্য, এ ঘটনা মোহাম্মদপুরের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির বাস্তব চিত্রই তুলে ধরে।

সভায় স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্প্রতি মোহাম্মদপুরে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, চুরি ও ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। শুধুমাত্র প্রশাসনের ওপর নির্ভর করে এ পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় উল্লেখ করে তিনি অপরাধ দমনে সাধারণ মানুষকেও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

প্রতিমন্ত্রী আরও বলেন, সম্প্রতি তার সহকর্মী নুর ইসলামও নিরাপত্তাহীনতার কারণে হামলার শিকার হয়েছেন। এসব অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে দ্রুত কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ লক্ষ্যে শিগগিরই একটি কমিটি গঠন করা হবে।

এ সময় তিনি জানান, এলাকায় পুলিশের টহল কার্যক্রম আরও জোরদারের চেষ্টা চলছে। তবে স্থায়ী সমাধানের জন্য নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন ও কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি অপরাধীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, মোহাম্মদপুরে কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি বা দখলদারিত্ব বরদাশত করা হবে না এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনগণের যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970