মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১৭টি সমঝোতা ও চুক্তি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৯:২৪ পিএম

ছবি: সংগৃহীত

সরকার গঠনের পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল রোববার মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে তার এই সফর শুরু হবে। এরপর তিনি চীন সফরে যাবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তিনি বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে শ্রমবাজার উন্মুক্তকরণ, দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোটে বাংলাদেশের সদস্যপদ এবং মুক্ত বাণিজ্য চুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় স্থান পাবে।

এ ছাড়া মালয়েশিয়া সফরকালে কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত চীন সফর করবেন। সফরকালে ২৫ জুন চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে এবং ২৬ জুন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

চীন সফরে সমন্বিত নদী ও পানি ব্যবস্থাপনা, বিশেষ করে তিস্তা বহুমুখী প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক, দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রটোকল সই হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দুই দেশের সামরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা হতে পারে।

প্রধানমন্ত্রীর এ সফরে পররাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রীসহ ২৭ সদস্যের একটি প্রতিনিধিদল তার সঙ্গে থাকবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970