বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৯:৩২ পিএম

ছবি: সংগৃহীত

দুবাইয়ে আটক পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে সংযুক্ত আরব আমিরাতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণ আবেদন পাঠিয়েছে বাংলাদেশ সরকার। মামলার প্রয়োজনীয় নথিপত্রসহ আবেদনটি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাইয়ে বেনজীর আহমেদ আটক হওয়ার পরপরই তার বিরুদ্ধে থাকা মামলার ১৪৪ পৃষ্ঠার নথিপত্র সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তিনি জানান, বর্তমানে দেশে বেনজীর আহমেদের বিরুদ্ধে মোট ছয়টি মামলা চলমান রয়েছে। এর মধ্যে একটি মামলার সাক্ষ্যগ্রহণ চলছে এবং বাকি মামলাগুলো তদন্ত পর্যায়ে রয়েছে। এ বিষয়ে রোববার আনুষ্ঠানিকভাবে আরও অগ্রগতির তথ্য জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সরাসরি বন্দী প্রত্যর্পণ চুক্তি না থাকলেও ‘মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স (এমএলএ)’ ব্যবস্থার আওতায় সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে তিনি দাবি করেন, বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগের যেকোনো সময়ের তুলনায় ভিন্নধর্মীভাবে কাজ করছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের রেড নোটিশ জারির পর গত ১২ জুন দুবাইয়ে আটক হন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ। পরদিন জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর এজাহার, অভিযোগপত্র ও সংশ্লিষ্ট নথি সংযুক্ত করে সংযুক্ত আরব আমিরাতের কাছে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে। বিষয়টি দেশটির আদালতে পর্যালোচনার পর প্রত্যর্পণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে বেনজীর আহমেদের আপিল করার সুযোগও থাকবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970