পাকিস্তানে আফগানিস্তানের বিমান হামলা, বাড়ছে সীমান্ত উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১১:৩৮ পিএম

ছবি: সংগৃহীত

পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালানোর দাবি করেছে আফগানিস্তান। দেশটির দাবি, হামলায় সশস্ত্র গোষ্ঠী ও গোয়েন্দা নেটওয়ার্কের বিভিন্ন আস্তানাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার রাতে এ হামলা পরিচালনা করা হয়েছে। তাদের মতে, এই অভিযান প্রতিবেশী দুই দেশের মধ্যে বিদ্যমান নাজুক যুদ্ধবিরতির পরিস্থিতিকে আরও অনিশ্চয়তার মুখে ফেলতে পারে।

গত কয়েক মাস ধরে আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তজুড়ে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব সংঘাতে শত শত মানুষের প্রাণহানি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে চীনের মধ্যস্থতার চেষ্টা থাকলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী শান্তিচুক্তি হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে অবস্থিত কয়েকটি আস্তানায় হামলা চালানো হয়েছে। আফগানিস্তানের ভাষ্য অনুযায়ী, এসব স্থাপনা তাদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও সমন্বয়ের কাজে ব্যবহৃত হয়ে আসছিল।

২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তান অভিযোগ করে আসছে, কাবুল সীমান্তে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে। একই সময়ে পাকিস্তানও আফগানিস্তানের ভেতরে একাধিক বিমান হামলা চালিয়েছে। তবে এসব অভিযোগ ধারাবাহিকভাবে অস্বীকার করেছে আফগান সরকার।

অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় আফগানিস্তানের এই হামলার দাবি প্রত্যাখ্যান করেছে।

তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে দুই দেশের সম্পর্ক ক্রমেই তিক্ত হয়ে উঠেছে। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে পাকিস্তানের বিমান হামলার জবাবে পাল্টা হামলা চালায় আফগানিস্তান, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

ইসলামাবাদের অভিযোগ, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)–এর যোদ্ধাদের আশ্রয় দিচ্ছে কাবুল। তবে আফগান সরকার এ বিষয়টিকে পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা বলেই উল্লেখ করেছে।

গত মার্চে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও একে অপরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ অব্যাহত রয়েছে। পরবর্তীতে চীনের মধ্যস্থতায় উত্তেজনা কমানোর উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত তা কার্যকর সমাধানে পৌঁছায়নি।

এদিকে গত মে মাসে জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ২০২৬ সালের প্রথম তিন মাসে সীমান্ত সংঘর্ষে অন্তত ৩৭২ জন আফগান নাগরিক নিহত এবং আরও ৩৯৭ জন আহত হয়েছেন।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে কোনো হুমকি বরদাস্ত করা হবে না। যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় সর্বোচ্চ সক্ষমতা দিয়ে পদক্ষেপ নেওয়া হবে বলেও উল্লেখ করেছে মন্ত্রণালয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970