স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৮:৫১ পিএম

ছবি: সংগৃহীত

কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহার দীর্ঘদিনের একটি স্বপ্ন অবশেষে বাস্তব হতে যাচ্ছে। সব জটিলতা কাটিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে ছেলের বিশ্বকাপের ম্যাচ সরাসরি মাঠে বসে দেখার সুযোগ পাচ্ছেন তার মা।

৪০ বছর বয়সী এই গোলরক্ষক স্পেনের বিপক্ষে কেপ ভার্দের ঐতিহাসিক ড্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় তিনি জানান, উচ্চ ভিসা ফি ও অন্যান্য ব্যয়ের কারণে তার মা যুক্তরাষ্ট্রে গিয়ে তার খেলা দেখতে পারছিলেন না। বিষয়টি স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

এরপর উদ্যোগ নেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক নেতা হাকিম জেফ্রিস। তিনি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে যোগাযোগ করে ভোজিনহার মায়ের জন্য প্রয়োজনীয় সহায়তার অনুরোধ জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জেফ্রিস বলেন, কেপ ভার্দের ‘ব্লু শার্কস’-এর অনুপ্রেরণাদায়ী পারফরম্যান্সে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা আনন্দিত হলেও ভোজিনহার মায়ের অনুপস্থিতির খবর সেই আনন্দকে কিছুটা ম্লান করে দিয়েছিল।

তিনি আরও বলেন, কোনো মায়েরই তার সন্তানের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত সরাসরি দেখার সুযোগ থেকে বঞ্চিত হওয়া উচিত নয়।

জেফ্রিসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর নিয়ম অনুযায়ী সব ভিসা ফি মওকুফ করেছে। ফলে ভোজিনহার মা আনা ক্যান্ডিডা এভোরা আগামী রোববার উরুগুয়ের বিপক্ষে কেপ ভার্দের ম্যাচ দেখতে যুক্তরাষ্ট্রে যেতে পারবেন। পাশাপাশি মা-ছেলের পুনর্মিলনের জন্য মায়ামিতে প্রয়োজনীয় ভ্রমণ ব্যবস্থাও করা হচ্ছে।

এ বিষয়ে সহযোগিতার জন্য তিনি মার্কো রুবিও, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, কেপ ভার্দে সরকারের প্রতিনিধি এবং ফিফাকে ধন্যবাদ জানান।

স্পেনের বিপক্ষে স্মরণীয় ফলের পর উরুগুয়ের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নিচ্ছে কেপ ভার্দে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে সেই ম্যাচে মাঠে নামবেন ভোজিনহা। আর গ্যালারিতে মায়ের উপস্থিতি তাকে দেবে বাড়তি অনুপ্রেরণা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970