বিশ্বকাপে সবার আগে নকআউটে কারা
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৮:১৩ পিএম
বিশ্বকাপে সবার আগে নকআউট পর্ব নিশ্চিত করা দলের নাম জানা যেতে পারে আগামীকাল শুক্রবার সকালেই। ‘এ’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে গুয়াদালাহারায় বাংলাদেশ সময় সকাল ৭টায় মুখোমুখি হবে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া। এই ম্যাচে যে দল জয় পাবে, তারা পরবর্তী ম্যাচে হারলেও নকআউট পর্বে জায়গা নিশ্চিত করবে।
এদিকে টুর্নামেন্টে অংশ নেওয়া সব দলের প্রথম ম্যাচ শেষ হয়েছে। সর্বশেষ দল হিসেবে আজ সকালে নিজেদের উদ্বোধনী ম্যাচ খেলেছে উজবেকিস্তান ও কলম্বিয়া। ৪৮ দলের এই বিশ্বকাপে বেশির ভাগ ফেবারিট দলই প্রথম ম্যাচে ইতিবাচক ফল অর্জন করেছে।
তবে ব্যতিক্রম হয়েছে স্পেনের ক্ষেত্রে। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ কেপ ভার্দের বিপক্ষে ড্র করতে হয়েছে তাদের। যদিও স্পেনের সামনে এখনো নকআউট পর্বে ওঠার সুযোগ রয়েছে।
অন্যদিকে ‘বি’ গ্রুপের লড়াইয়ে আজ রাত ও কাল ভোরে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। তবে এই গ্রুপ থেকে কোনো দল এখনই নকআউট নিশ্চিত করতে পারবে না। প্রথম ম্যাচ শেষে চার দলেরই সংগ্রহ এক পয়েন্ট হওয়ায় শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে। দ্বিতীয় ম্যাচে জয়ী দলগুলো কেবল নকআউটের পথে এগিয়ে থাকার সুযোগ পাবে।
‘বি’ গ্রুপে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও বসনিয়া, পাশাপাশি কানাডার প্রতিপক্ষ কাতার। এছাড়া ‘এ’ গ্রুপের আরেক ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে চেক প্রজাতন্ত্র। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা মেক্সিকোর কাছে এবং চেক প্রজাতন্ত্র দক্ষিণ কোরিয়ার কাছে পরাজিত হয়েছিল।