কুনার জোড়া গোলে হাইতিকে ৩-০তে হারালো ব্রাজিল

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৯:০৬ পিএম

ছবি: কুবি প্রতিনিধি

২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। মাতেউস কুনার জোড়া গোল এবং ভিনিসিউস জুনিয়রের এক গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই পরাজয়ের মধ্য দিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে হাইতির।

শনিবার (২০ জুন) ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর সমালোচনার মুখে পড়া দলটি এবার দাপটের সঙ্গেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয়। এই জয়ের ফলে গ্রুপ ‘সি’-এর শীর্ষস্থানেও উঠে এসেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

ব্রেন্টফোর্ডের ইগর থিয়াগোর পরিবর্তে শুরুর একাদশে সুযোগ পাওয়া মাতেউস কুনা ২৩তম মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন। হাইতির ডিফেন্ডার হ্যানেস ডেলক্রোইক্স বল ক্লিয়ার করতে গিয়ে কুনার গায়ে লাগিয়ে ফেললে সেটি দিক পরিবর্তন করে জালে জড়িয়ে যায়।

এরপর ৩৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন কুনা। ভিনিসিউস জুনিয়রের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সের ভেতর থেকে নিখুঁত শটে প্রতিপক্ষের জাল কাঁপান তিনি।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ান ভিনিসিউস জুনিয়র। লুকাস পাকেতার দারুণ পাস থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। টুর্নামেন্টে এটি ছিল তার দ্বিতীয় গোল।

তবে বড় জয়ের মাঝেও কিছুটা দুশ্চিন্তায় পড়েছে ব্রাজিল। প্রথমার্ধেই ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন রাফিনিয়া। তার জায়গায় বদলি হিসেবে খেলতে নামেন রায়ান।

দ্বিতীয়ার্ধে হাইতি একটি ভালো সুযোগ তৈরি করলেও ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন দুর্দান্ত সেভ করে দলকে বিপদমুক্ত রাখেন। কর্নার থেকে রিকার্দো আদের হেডও লক্ষ্যভেদ করতে পারেনি।

ম্যাচের শেষদিকে কিশোর ফরোয়ার্ড এন্ড্রিক বল জালে পাঠালেও অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়।

এদিকে এই ম্যাচে ১৯৬২ সালের পর সবচেয়ে বেশি গড় বয়সের দল নিয়ে মাঠে নামে ব্রাজিল। সেলেসাওদের একাদশের গড় বয়স ছিল ৩০ বছর ১৯০ দিন। পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয়বারের মতো একই ম্যাচে ২০ বছরের কম বয়সী দুই খেলোয়াড়—রায়ান ও এন্ড্রিককে খেলায় ব্রাজিল। এর আগে ১৯৫৮ সালের বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে একই ম্যাচে মাঠে নেমেছিলেন পেলে ও মাজোলা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970