বিশ্বকাপের পর `হাফেজ ও ইমাম' হতে চান মরক্কোর ডিফেন্ডার মাজরাউই
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৯:২৩ পিএম
ফুটবল ক্যারিয়ার শেষে অনেক খেলোয়াড় কোচিং কিংবা ধারাভাষ্যের মতো পেশায় যুক্ত হলেও মরক্কোর তারকা ফুটবলার নুসাইর মাজরাউইয়ের ভাবনা একেবারেই ভিন্ন পথে।
বর্তমানে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও মরক্কো জাতীয় দলের গুরুত্বপূর্ণ এই ডিফেন্ডার জানিয়েছেন, তিনি পেশাদার ফুটবল থেকে অবসরের পর নিজেকে ধর্মীয় শিক্ষার জগতে যুক্ত করতে চান। তার লক্ষ্য একজন হাফেজে কোরআন হওয়া এবং ভবিষ্যতে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করা।
মাত্র ২৮ বছর বয়সী মাজরাউই এখনো ক্যারিয়ারের শীর্ষ পর্যায়ে আছেন বলে বিবেচিত হলেও তিনি জানিয়েছেন, ২০২৬ সালের বিশ্বকাপের পর ফুটবল থেকে সরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে তার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ফুটবল তাকে খ্যাতি, অর্থ ও সাফল্য সবই দিয়েছে। তবে জীবনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে ভাবতে গিয়ে তিনি আধ্যাত্মিক জীবনের দিকে মনোযোগ দিতে চান। তাই ধর্মীয় শিক্ষা ও আত্মিক উন্নয়নে বেশি সময় দেওয়ার পরিকল্পনা করছেন তিনি।
মাজরাউই আরও জানান, তার সবচেয়ে বড় স্বপ্ন সম্পূর্ণ কোরআন মুখস্থ করা। পাশাপাশি ভবিষ্যতে একজন ইমাম হিসেবে দায়িত্ব পালন করার ইচ্ছাও রয়েছে তার।