রাত ১০টায় স্পেন-সৌদি লড়াই, ফেভারিটদের সামনে কঠিন পরীক্ষা
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৭:০৫ পিএম
২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ ‘এইচ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হবে অন্যতম শিরোপাপ্রত্যাশী স্পেন ও সৌদি আরব। বাংলাদেশ সময় রোববার রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
টুর্নামেন্টের শুরু থেকেই স্পেনকে অন্যতম ফেভারিট হিসেবে বিবেচনা করা হলেও প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেনি দলটি। বলের দখলে আধিপত্য দেখালেও আক্রমণভাগে কার্যকর ফুটবলের অভাব ছিল স্পষ্ট। প্রতিপক্ষের রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হওয়ায় সমালোচনার মুখেও পড়তে হয়েছে লুইস দে লা ফুয়েন্তের দলকে।
তবে প্রথম ম্যাচের শেষদিকে লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামস মাঠে নামার পর স্পেনের আক্রমণে গতি ফিরে আসে। ফলে সৌদি আরবের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই আরও আক্রমণাত্মক কৌশল নিয়ে নামতে পারে ইউরোপের দলটি। ফুটবল বিশ্লেষকদের ধারণা, প্রথম একাদশে লামিন ইয়ামালকে দেখা যেতে পারে। একই সঙ্গে মাঝমাঠে সৃজনশীলতা বাড়াতে গাভির পরিবর্তে দানি ওলমোকে শুরুর একাদশে রাখা হতে পারে।
অন্যদিকে, ‘গ্রিন ফ্যালকনস’ খ্যাত সৌদি আরব নিজেদের আন্ডারডগ পরিচয় অনেকটাই ঝেড়ে ফেলেছে। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখানো দলটি এবারের আসরেও শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের প্রমাণ করছে। প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা।
স্পেনের বিপক্ষেও একই ধরনের কৌশল অনুসরণ করতে পারে সৌদি আরব। বলের দখল ছেড়ে দিয়ে সংগঠিত রক্ষণ গড়ে তোলা এবং সুযোগ পেলে দ্রুত পাল্টা আক্রমণে যাওয়ার পরিকল্পনা থাকতে পারে তাদের। দলের অন্যতম বড় ভরসা গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইস, যিনি উরুগুয়ের বিপক্ষে দুর্দান্ত ৯টি সেভ করে দলকে পরাজয়ের হাত থেকে রক্ষা করেছিলেন।
এই ম্যাচে স্পেনের সম্ভাব্য ফর্মেশন ৪-৩-৩। আক্রমণভাগে গতি ও সৃজনশীলতার সমন্বয় ঘটিয়ে জয় তুলে নিতে চাইবে তারা। অন্যদিকে, রক্ষণকে শক্তিশালী করতে ৫-৪-১ ফর্মেশনে মাঠে নামতে পারে সৌদি আরব।
সম্ভাব্য একাদশ
স্পেন:
উনাই সিমন; মার্ক কুকুরেয়া, আইমেরিক ল্যাপোর্তে, পাউ কিউবারসি, মার্কোস লরেন্তে; রদ্রি, দানি ওলমো, পেদ্রি; ফেরান তোরেস, মিকেল ওয়ারজাবাল, লামিন ইয়ামাল।
সৌদি আরব:
মোহাম্মদ আল-ওয়াইস; আল-হারবি, আল-আমরি, কাদেশ, আল-তাম্বাক্তি, সৌদ আবদুলহামিদ; সালেম আল-দাওসারি, আবদুল্লাহ আল-খাইবারি, মোহাম্মদ কান্নো, আবদুল্লাহ আল-হামদান; ফিরাশ আল-বুরাইকান।