অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ব্যবস্থা নিচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১০:২২ পিএম

ছবি: সংগৃহীত

ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিসহ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে দেশটির প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভারত সরকার। পাশাপাশি নাগরিকত্ব যাচাই-সংক্রান্ত ঝুলে থাকা আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।

শুক্রবার (৫ জুন) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

তিনি বলেন, ভারতে কোনো বিদেশি নাগরিক অবৈধভাবে অবস্থান করলে, তিনি বাংলাদেশি কিংবা অন্য যেকোনো দেশের নাগরিক হোন না কেন, তাদের বিরুদ্ধে ভারতীয় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রণধীর জয়সওয়াল জানান, অবৈধভাবে অবস্থানকারীদের নিজ দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় প্রক্রিয়া চালু রয়েছে। এই প্রক্রিয়ার আওতায় সংশ্লিষ্ট ব্যক্তিদের নাগরিকত্ব যাচাইয়ের জন্য প্রয়োজনীয় তথ্য বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পরই প্রত্যাবাসন কার্যক্রম শুরু করা হয়।

তিনি আরও বলেন, এ ধরনের অনেক আবেদন এখনও বাংলাদেশের কাছে যাচাই ও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এসব আবেদন দ্রুত নিষ্পত্তি করা হলে ভারতে অবৈধভাবে অবস্থানকারী ব্যক্তিদের দেশে ফেরানোর প্রক্রিয়া আরও কার্যকর ও দ্রুততর হবে।

ভারতীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত মাস পর্যন্ত সন্দেহভাজন প্রায় তিন হাজার অবৈধ বাংলাদেশি অভিবাসীর নাগরিকত্ব যাচাই-সংক্রান্ত আবেদন বাংলাদেশের কাছে অপেক্ষমাণ ছিল।

এর আগে মে মাসে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়েও রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, নাগরিকত্ব যাচাই-সংক্রান্ত ২ হাজার ৮৬২টি আবেদন বাংলাদেশের কাছে ঝুলে রয়েছে। এর মধ্যে কিছু আবেদন পাঁচ বছরেরও বেশি সময় ধরে নিষ্পত্তির অপেক্ষায় আছে বলে দাবি করে ভারত।

নয়াদিল্লির মতে, এসব আবেদন দ্রুত নিষ্পত্তি করা গেলে অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন প্রক্রিয়া আরও ত্বরান্বিত করা সম্ভব হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970