নয়াদিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ গেল ২১ জনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৯:৪০ পিএম
ভারতের রাজধানী নয়াদিল্লির একটি আবাসিক হোটেলের রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক ডজনের বেশি মানুষ।
বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটের দিকে মালব্যনগর এলাকার হোটেল মিকাসা ইন-এর বেসমেন্টে অবস্থিত রেস্তোরাঁয় আগুনের সূত্রপাত ঘটে। ছয়তলা ভবনটির নিচতলা থেকে শুরু হওয়া আগুন দ্রুত অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে।
ঘটনার সময় হোটেলের অনেক অতিথি ঘুমিয়ে ছিলেন। আগুন ও ঘন ধোঁয়ার মধ্যে প্রাণ বাঁচাতে কয়েকজন অতিথি জানালা দিয়ে নিচে লাফ দেন। এতে তারা আহত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে অগ্নিকাণ্ডের বিভিন্ন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।
ছোট পরিসরের এই হোটেলটি মালব্যনগরের ঘিঞ্জি এলাকা হওজ রানিতে অবস্থিত। ২৫টি কক্ষবিশিষ্ট হোটেলটিতে সর্বোচ্চ ৫০ জন অতিথি থাকার ব্যবস্থা রয়েছে। হোটেলে বাংলাদেশ, নেপালসহ প্রতিবেশী বিভিন্ন দেশের নাগরিক অবস্থান করছিলেন। চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে তারা দিল্লিতে এসেছিলেন বলে জানা গেছে।
নিহত ২১ জনের মধ্যে কয়েকজন আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন। অন্যদের মৃত্যু হয়েছে ধোঁয়ার কারণে শ্বাসরোধে।
হোটেলের রেস্তোরাঁর বাবুর্চি কেশর সিং জানান, সকাল ৮টার দিকে বৈদ্যুতিক স্টোভ চালু করতে সুইচ চাপার সঙ্গে সঙ্গেই হঠাৎ আগুনের শিখা জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়তে পারে বুঝতে পেরে সঙ্গে সঙ্গে সহকর্মী ও হোটেল কর্তৃপক্ষকে সতর্ক করেন। পরে তিনি ভবন থেকে বের হওয়ার সময় দেখেন, আগুন ইতোমধ্যে পুরো হোটেলে ছড়িয়ে গেছে।
নয়াদিল্লি ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট প্রায় দুই ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য মাথাপিছু ৫০ হাজার রুপি বরাদ্দ করা হয়েছে।