হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১০:০২ পিএম

ছবি: সংগৃহীত

ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় মশাল মিছিল এবং শুক্রবার জুমার নামাজের পর দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বুধবার (৩ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।

সংবাদ সম্মেলনে তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হবে। পাশাপাশি শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে। একই দাবিতে দেশের বিভিন্ন স্থানেও কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন, ওসমান বিন হাদি হত্যা মামলার বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে বিভিন্ন সময়ে অপপ্রচার চালানো হয়েছে। এছাড়া তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়ও একাধিকবার পিছিয়ে দেওয়া হয়েছে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, এ হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় আর কোনো বিলম্ব গ্রহণযোগ্য নয়। পররাষ্ট্র মন্ত্রণালয় খুনিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের কথা জানালেও সরকারের অবস্থান এখনো স্পষ্ট নয়। তাই অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনার জন্য নির্দিষ্ট সময়সীমা ঘোষণার দাবি জানান তিনি।

এ সময় তিনি আরও অভিযোগ করেন, শুধু ভারতে অবস্থানরত অভিযুক্তরাই নয়, বাংলাদেশের ভেতরে যারা তাদের পালিয়ে যেতে সহযোগিতা করেছে, তারাও এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত এবং তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970