প্রতিষ্ঠানের নাম পাল্টে মায়ের নামে করতে রাজি হলেন না প্রধানমন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২৬, ১০:৪৪ পিএম
ঢাকার কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এ প্রস্তাবে কেন্দ্রটির নাম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে করার কথা বলা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কেরানীগঞ্জের হযরতপুর এলাকায় ২০০৬ সালে প্রতিষ্ঠিত এ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে পরিচালিত হয়ে আসছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহার আগে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠানটির নাম পরিবর্তনের প্রস্তাব পাঠায়। তবে মঙ্গলবার প্রধানমন্ত্রী ওই প্রস্তাবে সম্মতি দেননি।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, বিদ্যমান প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের পরিবর্তে নতুন কোনো প্রতিষ্ঠান গড়ে তার নামকরণের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে তিনি মন্ত্রণালয়ের নোটে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, নতুন কোনো নামকরণ করতে হলে নতুন প্রতিষ্ঠান স্থাপন করতে হবে। বিদ্যমান প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রস্তাব তিনি গ্রহণ করেননি।
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, দেশের ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিতে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের যে প্রবণতা দীর্ঘদিন ধরে চলে আসছে, প্রধানমন্ত্রীর এই অবস্থান তার ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হতে পারে।
এর আগে মশা নিধনসংক্রান্ত উদ্ভাবনী কার্যক্রম পর্যবেক্ষণের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাবও অনুমোদন করেননি প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সোমবার জানিয়েছিল, মশা নিয়ন্ত্রণের কৌশল জানতে বা শিখতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার প্রয়োজন নেই। দেশের বাস্তব পরিস্থিতির মধ্যেই এ বিষয়ে কার্যকর ও উদ্ভাবনী সমাধান খুঁজে বের করা সম্ভব বলে মত দিয়েছেন প্রধানমন্ত্রী।