বেনাপোল সীমান্তের শূন্যরেখায় ১০ নারী-পুরুষ ও শিশুর মানবেতর জীবন

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ১১:৩২ পিএম

ছবি: সংগৃহীত

যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১০ নারী, পুরুষ ও শিশুর অবস্থান পরিদর্শন করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান। দ্বিতীয় দিনের মতো তারা সীমান্তের জিরো লাইনে অবস্থান করায় মানবিক সংকট আরও গভীর হয়েছে।

সোমবার সন্ধ্যায় সীমান্ত পরিস্থিতি নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। ফলে নারী-পুরুষ ও শিশুরা এখনও অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে তাদের শারীরিক অবস্থারও অবনতি হচ্ছে বলে জানা গেছে।

সূত্র জানায়, আটকে পড়াদের মধ্যে ৯ মাস বয়সী একটি শিশুও রয়েছে, যার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তারা ভারতের অংশে অবস্থান করায় বিজিবির পক্ষে খাবার বা পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে বিএসএফ তাদের কোনো সহায়তা দিচ্ছে কিনা, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

জানা গেছে, রোববার গভীর রাতে সীমান্তের কাঁটাতারের একটি গেট খুলে তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। বিষয়টি টের পেয়ে বিজিবি তা প্রতিহত করে। এর আগে শনিবার সন্ধ্যায় অতিরিক্ত সদস্য মোতায়েন করে প্রায় ১২০ জনকে সীমান্ত এলাকায় নিয়ে আসে বিএসএফ। পরে কয়েকটি ছোট দলে ভাগ করে তাদের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়।

প্রথমে বেনাপোলের সাদিপুর-রঘুনাথপুর সীমান্তসংলগ্ন ভারতের জয়ন্তীপুর এলাকা দিয়ে কয়েকজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলেও বিজিবির বাধার মুখে তা ব্যর্থ হয়। পরে রাতভর সীমান্তের বিভিন্ন কাঁটাতারের গেট খুলে একই চেষ্টা চালানো হয়। তবে বিজিবির সতর্ক অবস্থানের কারণে সেসব প্রচেষ্টাও সফল হয়নি।

স্থানীয় সূত্রের দাবি, যেসব গেট ব্যবহার করে লোকজনকে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়, তার আগে সীমান্তের সার্চলাইট বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে বিজিবির টহল জোরদার থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়।

পরে রাত প্রায় ৩টার দিকে ১০ নারী, পুরুষ ও শিশুকে সীমান্তের কাছাকাছি এলাকায় নিয়ে আসা হলেও তারা এখনও ভারতের জয়ন্তীপুর সীমান্তের জিরো লাইনে একটি গাছের নিচে অবস্থান করছেন।

এ ঘটনায় বেনাপোলসহ আশপাশের সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও জনবল বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী গ্রামগুলোতে জনসচেতনতা বাড়াতে মাইকিং করা হচ্ছে বলেও জানা গেছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, আটকে থাকা নারী-পুরুষ ও শিশুদের অবস্থানস্থল তিনি ও বিজিবি সদস্যরা পরিদর্শন করেছেন। সোমবার অনুষ্ঠিত পতাকা বৈঠকে কোনো সমাধান না হওয়ায় তারা দ্বিতীয় দিনের মতো ভারতের জয়ন্তীপুর সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970