সড়কবাতি বিষয়ে জ্ঞান অর্জনে ফ্রান্স যেতে চান রাসিক প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৯:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

বিদ্যুৎসাশ্রয়ী সড়কবাতি প্রযুক্তি সম্পর্কে অভিজ্ঞতা ও জ্ঞান অর্জনের লক্ষ্যে ১১ দিনের সফরে ফ্রান্স যেতে আগ্রহ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট। এ বিষয়ে প্রয়োজনীয় অনুমতি চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, সিগনিফাই বাংলাদেশের আমন্ত্রণে আগামী ২০ থেকে ৩০ জুন পর্যন্ত ফ্রান্স সফরের পরিকল্পনা রয়েছে। সফরকালে তারা সিগনিফাই ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন (ওলাক) সেন্টার পরিদর্শন করবেন এবং আধুনিক ও বিদ্যুৎসাশ্রয়ী সড়কবাতি প্রযুক্তি সম্পর্কে ধারণা লাভ করবেন।

চিঠিতে সফরের জন্য প্রয়োজনীয় সরকারি আদেশ জারির অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, আমন্ত্রণ পাওয়ার পর নিয়ম অনুযায়ী মন্ত্রণালয়ের কাছে অনুমতি চাওয়া হয়েছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সম্প্রতি মশক নিধন কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফর সংক্রান্ত একটি প্রস্তাব আলোচনায় আসে। ওই প্রস্তাবের বিষয়ে মতামত দিতে গিয়ে প্রধানমন্ত্রী মন্তব্য করেন, মশক নিধনের কৌশল শেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা যাওয়ার প্রয়োজন নেই; দেশের যেকোনো এলাকায় সন্ধ্যার পর ডোবার পাশে কিছু সময় অবস্থান করলেই এ বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা সম্ভব। পরে তিনি প্রস্তাবটি অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত জানান।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970