সৌদিতে উটের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল দুই বাংলাদেশির

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ১১:২৫ পিএম

ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লক্ষ্মীপুরের দুই প্রবাসী বাংলাদেশি। নিহত হারুনুর রশিদ হারুন ও রাসেল হোসেন সদর উপজেলার উত্তর হামছাদী এলাকার বাসিন্দা এবং ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী ছিলেন। সোমবার (১ জুন) তাদের মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে সৌদি আরবে কর্মরত ছিলেন হারুনুর রশিদ ও রাসেল হোসেন। রোববার রাতে মোটরসাইকেলে করে যাওয়ার সময় রিয়াদের একটি সড়কে একটি উটের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহত হারুনের বাবা তছলিম উদ্দিন ছৈয়াল বলেন, পরিবারের স্বপ্ন পূরণের আশায় ধার-দেনা করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন। কিন্তু জীবিত নয়, লাশ হয়ে তার দেশে ফেরার সংবাদ পেয়েছেন। তিনি দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, হারুন ও রাসেল ছিলেন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। একসঙ্গে তাদের মৃত্যুতে এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত মরদেহ দেশে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেছেন।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, প্রবাসী দুই যুবকের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। পরিবারের আবেদন পেলে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970