মালয়েশিয়ায় ৫৬ বাংলাদেশিসহ ৬২ জন অবৈধ অভিবাসীকে আটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পিএম
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের শাহ আলাম ও পুচং এলাকায় ‘অপস মাহির’ নামে সমন্বিত অভিযানে ৫৬ জন বাংলাদেশিসহ মোট ৬২ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
গত ২১ এপ্রিল ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশন এ অভিযান পরিচালনা করে। দুইটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে মোট ১১২ জনের নথিপত্র যাচাই করা হয়। যাচাই শেষে ৬২ জনকে অবৈধ অভিবাসী হিসেবে আটক করা হয়।
আটকদের মধ্যে ৫৬ জন বাংলাদেশি ছাড়াও ৪ জন নেপালি, একজন ভারতীয় এবং একজন ইন্দোনেশীয় নাগরিক রয়েছেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিরা অন্য প্রতিষ্ঠানের নামে ইস্যুকৃত অস্থায়ী কর্ম ভিসা ব্যবহার করে নিজেদের পরিচয় গোপন করছিলেন। তারা নির্ধারিত নিয়োগকর্তার পরিবর্তে ভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছিলেন, যা ভিসার শর্তের স্পষ্ট লঙ্ঘন।
অভিবাসন বিভাগ জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড শুধু আইন লঙ্ঘন নয়, বরং পরিকল্পিতভাবে নিয়মের ফাঁকফোকর ব্যবহার করে সুবিধা নেওয়ার চেষ্টা। এর পেছনে বড় কোনো চক্র জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আটকদের বিরুদ্ধে বৈধ পরিচয়পত্র না থাকা, অনুমোদিত সময়ের বেশি অবস্থান এবং পাসপোর্ট ও পারমিটের অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া তদন্তে সহায়তার জন্য তিনটি সাক্ষী জব্দ নোটিশ জারি করা হয়েছে। আটক বিদেশিদের সেমেনিয়াহ ইমিগ্রেশন ডিপো ও কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় রাখা হয়েছে, যেখানে তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলবে।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, দেশের আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। বিদেশি শ্রমিক হোক বা নিয়োগকর্তা—সবার ক্ষেত্রেই আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।