যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু নিশ্চিত, তদন্তে রহস্য

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই ঘটনায় আরও এক বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধারের পর পুরো ঘটনা নিয়ে শোক ও উদ্বেগ তৈরি হয়েছে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত। তিনি জানান, তার বোন আর জীবিত নেই।

এর আগে শুক্রবার ২৭ বছর বয়সী বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধার করে হিলসবরো কাউন্টি শেরিফ দপ্তর।

পুলিশ জানায়, লিমনের রুমমেট হিশাম আবুঘারবিয়াকে আটক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ব্রিজ এলাকায় থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে তদন্তে নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যুর বিষয়টিও নিশ্চিত হয়।

পুলিশ হেফাজতে থাকা হিশাম আবুঘারবিয়া, যিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সাবেক শিক্ষার্থী, এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রয়েছেন।

নিহত নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে পিএইচডি করছিলেন। অন্যদিকে জামিল লিমনও একই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী ছিলেন। তারা দুজনই গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন।

এই মর্মান্তিক ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং অনেকে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

একজন শিক্ষার্থী জানান, পড়াশোনার চাপের মধ্যেও এমন খবর তাদের গভীরভাবে নাড়া দিয়েছে। আরেক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসকে আগে নিরাপদ মনে হলেও এখন ভয় কাজ করছে।

জামিল লিমন ক্যাম্পাসের উত্তরের একটি আবাসিক এলাকায় থাকতেন। প্রথমে ধারণা করা হয়েছিল তারা হয়তো কোথাও গেছেন, তবে পরে ঘটনার ভয়াবহতা প্রকাশ পায়।

ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970