ইতালিতে বাংলাদেশি কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৬, ০৫:১৭ পিএম
ইতালির ভেনিসে ১৭ বছর বয়সী এক বাংলাদেশি কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই বাসার এক পুরুষ সহবাসীর বিরুদ্ধে। মেস্ত্রে এলাকার একটি অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। রোববার বিষয়টি প্রকাশ্যে এলে ইতালির কারাবিনিয়েরি পুলিশ আনুষ্ঠানিক তদন্ত শুরু করে।
জানা গেছে, ভুক্তভোগী কিশোরী তিন মাস বয়সী এক শিশুসন্তানের মা। তিনি ওই অ্যাপার্টমেন্টে আরও কয়েকটি পরিবারের সঙ্গে ভাগাভাগি করে বসবাস করতেন। অভিযোগ অনুযায়ী, সেই সুযোগে একই বাসার এক ব্যক্তি তাকে ধর্ষণ করেন।
ঘটনা প্রকাশের পর স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মনফালকোনের সাবেক মেয়র আনা সিসিন্ট ঘটনাটিকে ‘অগ্রহণযোগ্য জঘন্য ঘটনা’ বলে মন্তব্য করেছেন।
এদিকে ভেনিস লীগের নেতা অ্যালেক্স বাজারো আবাসন ব্যবস্থার অনিয়ম এবং অতিরিক্ত মানুষ গাদাগাদি করে থাকার পরিবেশকে এ ধরনের ঘটনার জন্য দায়ী করেছেন। তিনি অভিযোগ করেন, বাসা ভাগাভাগি ও অবৈধভাবে কক্ষ ভাড়া দেওয়ার প্রবণতা অপরাধ সংঘটনের সুযোগ তৈরি করছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্ত ব্যক্তি বর্তমানে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আটক হওয়ার পর আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাকে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানিয়েছে পুলিশ।