আমিরাতে সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৮:২৩ পিএম
সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ‘বিগ টিকেট’ লটারিতে ১০ লাখ আমিরাতি দিরহাম জিতে রাতারাতি কোটিপতি হয়েছেন বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ আতিক হাসান। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৩ কোটি ৩৫ লাখ টাকারও বেশি। একই ড্রতে আরও চারজন ভারতীয় প্রবাসীও সমপরিমাণ অর্থের পুরস্কার পেয়েছেন।
বৃহস্পতিবার প্রকাশিত গালফ নিউজ–এর প্রতিবেদনে জানানো হয়, বিগ টিকেটের ২৮৮তম সিরিজের ড্রতে বাংলাদেশ ও ভারতের মোট পাঁচজন প্রবাসী বিজয়ী হয়েছেন। প্রত্যেকে ১০ লাখ আমিরাতি দিরহাম করে জিতে মোট ৫০ লাখ দিরহাম পুরস্কার পেয়েছেন।
লটারির আয়োজকদের তথ্য অনুযায়ী, বিজয়ীদের মধ্যে কেউ দীর্ঘদিন ধরে নিয়মিত টিকেট কিনে ভাগ্য পরীক্ষা করছিলেন, আবার কেউ প্রথমবার অংশ নিয়েই জয়ের মুখ দেখেছেন। তাদের ভাষ্য, এই অর্থ দিয়ে পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা, ঋণ পরিশোধ এবং ভবিষ্যতের জন্য সঞ্চয়ের মতো গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়ন করবেন।
বাংলাদেশি বিজয়ী মোহাম্মদ আতিক হাসানের টিকেট নম্বর ছিল ৩৫৯৬৮৫। ওই টিকেটের মাধ্যমেই তিনি ১০ লাখ আমিরাতি দিরহামের পুরস্কার জিতে নেন।
অন্যদিকে, ভারতের কেরালা রাজ্যের বাসিন্দা ও আমিরাতপ্রবাসী উপেন্দ্রন সিজু প্রায় এক দশক ধরে নিয়মিত চেষ্টা চালানোর পর এবার প্রথমবারের মতো এই লটারিতে বিজয়ী হয়েছেন। ৪০ বছর বয়সী এই প্রবাসী বর্তমানে একটি প্রতিষ্ঠানে অপারেশনস ইনচার্জ হিসেবে কর্মরত এবং গত ২০ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন।
তিনি জানান, বন্ধুদের মাধ্যমে বিগ টিকেট সম্পর্কে জানতে পেরে গত নয় বছর ধরে ২০ সদস্যের একটি দলের সঙ্গে প্রতি মাসে টিকেট কিনে আসছিলেন। বিজয়ের খবর পেয়ে তিনি বিস্মিত ও আনন্দিত হন। নিজের প্রাপ্ত অর্থ দিয়ে ব্যক্তিগত ঋণ পরিশোধের পরিকল্পনার কথাও জানান সিজু। পাশাপাশি তিনি অন্যদেরও নিয়মিত চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
আরেক বিজয়ী শিবপ্রসাদ রবীন্দন প্রায় ২৯ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন। তেল ও গ্যাস খাতের এই সুপারভাইজার গত ১২ বছর ধরে ২৭ সদস্যের একটি দলের সঙ্গে নিয়মিত বিগ টিকেট কিনছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর এবার প্রথমবারের মতো তার ভাগ্য খুলেছে।
রবীন্দন জানান, পুরস্কারের অর্থ দলের সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। নিজের অংশ দিয়ে তিনি দেশে থাকা পরিবারের প্রয়োজন মেটাতে চান। বিশেষ করে কেরালায় অধ্যয়নরত মেয়ের পড়াশোনার ব্যয়ে এই অর্থ ব্যবহার করার পরিকল্পনা রয়েছে তার। ভবিষ্যতেও তিনি বিগ টিকেটে অংশ নেওয়া অব্যাহত রাখবেন বলেও জানিয়েছেন।
সূত্র: গালফ নিউজ।