ইতালির রোমে একই পরিবারের ৩ বাংলাদেশিকে নৃশংসভাবে হত্যা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১০:৩৭ এএম
ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিককে ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় রাত ৯টার দিকে শহরের পশ্চিমাঞ্চলের কাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিও সড়কের একটি বহুতল আবাসিক ভবনের ফ্ল্যাটে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন নোয়াখালীর বসুরহাট এলাকার বাসিন্দা কামাল, তার স্ত্রী এবং তাদের পাঁচ বছর বয়সী কন্যাশিশু। হামলায় গুরুতর আহত হয়েছেন পরিবারের ১৮ বছর বয়সী ছেলে। বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকদের মতে, তার অবস্থা আশঙ্কামুক্ত।
ইতালীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে ওই বাংলাদেশি পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই কামাল, তার স্ত্রী ও কন্যাশিশুর মৃত্যু হয়।
হামলার সময় প্রাণ বাঁচাতে বাসা থেকে বেরিয়ে সাহায্য চাওয়ার চেষ্টা করেন পরিবারের ১৮ বছর বয়সী ছেলে। তবে হামলাকারী তাকেও ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে প্রতিবেশীদের দেওয়া খবরে পুলিশ, অ্যাম্বুলেন্স এবং ইতালির বিশেষ পুলিশ বাহিনী কারাবিনিয়েরির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন। আহত তরুণকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে শঙ্কামুক্ত বলে জানান।
ঘটনার পরপরই পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করেছে রোম পুলিশ। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং হামলাকারীকে গ্রেপ্তারে ব্যাপক অভিযান ও তল্লাশি চালানো হচ্ছে।
তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হত্যাকাণ্ডের পেছনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি পূর্বশত্রুতার জের, ডাকাতির চেষ্টা নাকি অন্য কোনো উদ্দেশ্যে সংঘটিত হয়েছে—সব সম্ভাবনা বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।
এদিকে ইতালির ফরেনসিক ও পুলিশ সায়েন্টিফিকা দল ঘটনাস্থল সিলগালা করে আলামত সংগ্রহ করছে। পাশাপাশি ভবনের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীকে শনাক্তের চেষ্টা চলছে।
রোম পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, অত্যন্ত নৃশংসভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত ও অভিযান পরিচালনা করা হচ্ছে।