কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসীসহ নিহত ৬

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৭:৫০ পিএম

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ মোট ছয়জন নিহত হয়েছেন। রোববার (২১ জুন) সকালে দেশটির আল শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচজনই বাংলাদেশের সিলেট জেলার কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের বাসিন্দা।

নিহত বাংলাদেশিরা হলেন জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। এছাড়া দুর্ঘটনায় একজন ভারতীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কর্মস্থলে যাওয়ার সময় একটি পিকআপ ভ্যান দুর্ঘটনার শিকার হয়। আল শাহানিয়া এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ মরদেহ উদ্ধার করে কাতারের একটি হাসপাতালের মর্গে সংরক্ষণ করেছে। বাংলাদেশ দূতাবাস ও বিভিন্ন প্রবাসী সংগঠনের সহায়তায় মরদেহ দ্রুত দেশে পাঠানোর কার্যক্রম চলছে।

জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক জানান, বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে, যাতে দ্রুত মরদেহ স্বজনদের কাছে পৌঁছে দেওয়া যায়।

কানাইঘাট প্রেসক্লাবের সহসভাপতি তাওহীদুল ইসলাম বলেন, কাতারে সড়ক দুর্ঘটনায় এলাকার পাঁচ প্রবাসীর মৃত্যুতে পুরো কানাইঘাটে শোকের ছায়া নেমে এসেছে। তিনি জানান, স্থানীয় প্রবাসী সংগঠন ও দূতাবাসের সহযোগিতায় মরদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে পরিবারের সদস্যরা শেষবারের মতো তাদের দেখতে পারেন এবং ধর্মীয় রীতি অনুযায়ী দাফন সম্পন্ন করতে পারেন।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। এক শোকবার্তায় তিনি বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এসব রেমিট্যান্সযোদ্ধার আকস্মিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রতিমন্ত্রী আরও জানান, নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়ার জন্য কাতারে বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970