এখন পর্যন্ত কোনো অপরাধীকে গ্রেফতারে ব্যর্থ হয়নি সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৯:৫২ পিএম
রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ঘটনাটি স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।
মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আদ্-দ্বীন হাসপাতালের মামলার আসামিদের গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে কোনো অপরাধীকে গ্রেফতার করতে ব্যর্থ হওয়ার নজির নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
তিনি আরও বলেন, রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে। সরকারের প্রত্যাশা, মামলাটির বিচার দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হবে।
সীমান্ত পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, পুশ-ইন সংক্রান্ত বিষয়ে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, জিরো লাইনে কোনো হত্যাকাণ্ড সংঘটিত হলে সেটিকে সীমান্ত হত্যা বা বর্ডার কিলিং বলা যায়। তবে নিজ নিজ দেশের অভ্যন্তরে কোনো অপরাধজনিত কারণে সংঘটিত হত্যাকে সীমান্ত হত্যা হিসেবে আখ্যায়িত করা যাবে না।