সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২৬, ১১:০৪ পিএম
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)–এর প্রধান হিসেবে ভারপ্রাপ্ত দায়িত্ব পেয়েছেন ডিআইজি আলি আকবর খান। সোমবার (১ জুন) পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন আলি আকবর খান। ১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুর জেলায় তার জন্ম।
দীর্ঘ কর্মজীবনে তিনি রেঞ্জ পুলিশ, পুলিশ সদর দপ্তর এবং জননিরাপত্তা বিভাগসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। পেশাগত দক্ষতা, সততা ও নেতৃত্বের গুণে তিনি পুলিশ বাহিনী ও সংশ্লিষ্ট মহলে প্রশংসিত হয়েছেন।
পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশ নিয়েছেন আলি আকবর খান। এর মধ্যে ইতালিতে অনুষ্ঠিত মানবপাচার প্রতিরোধ, বৈধ অভিবাসন উৎসাহিতকরণ এবং অনিয়মিত অভিবাসন নিরুৎসাহিতকরণবিষয়ক কর্মশালা উল্লেখযোগ্য। এছাড়া মালদ্বীপে অনুষ্ঠিত মানবপাচার ও অভিবাসী পাচারসংক্রান্ত তথ্য সংগ্রহবিষয়ক আঞ্চলিক কর্মশালায়ও অংশ নেন তিনি।
আন্তর্জাতিক বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে পেশাগত জ্ঞান ও দক্ষতা আরও সমৃদ্ধ করেছেন আলি আকবর খান। নতুন দায়িত্বে তার নেতৃত্বে সিআইডির কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।