অবহেলায় বৃদ্ধা মায়ের মৃত্যু: দায়িত্ব থেকে সরানো হলো সেই যুগ্ম সচিব ছেলেকে
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৮:৪৮ পিএম
রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোচনা ও সমালোচনার মধ্যে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তার ছেলে মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (যুগ্ম সচিব) এ কে এম আনিসুর রহমানকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
এর আগে দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান, পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, যুগ্ম সচিব এ কে এম আনিসুর রহমানের বক্তব্য নেওয়াসহ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।
গত ৩১ মে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর ঢাকার মিরপুর-১১ এলাকার একটি বাসা থেকে নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছিল, মরদেহটি দীর্ঘ সময় পড়ে থাকায় পচন ধরে এবং সেখানে পোকা জন্মেছিল। দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন।
নুরজাহান বেগমের মৃত্যুর পর জানা যায়, তার এক ছেলে যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা, আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এবং এক মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক। তবে মায়ের প্রতি সন্তানদের অবহেলার অভিযোগ সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।