ঋণের সুদ পরিশোধেই বাজেটের বড় অংশ চলে যায়: অর্থমন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১০:০৯ পিএম
জাতীয় বাজেটের উল্লেখযোগ্য একটি অংশ প্রতিবছর রাষ্ট্রীয় ঋণের সুদ পরিশোধে ব্যয় হয় বলে উদ্বেগ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, অতীতের ভুল অর্থনৈতিক ব্যবস্থাপনার কারণে বাংলাদেশ ক্রমেই ঋণনির্ভর অর্থনীতিতে পরিণত হয়েছিল। তবে বর্তমান সরকার সেই অবস্থা থেকে বেরিয়ে এসে উৎপাদনশীল খাতকেন্দ্রিক ও বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে।
বুধবার (৩ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী জানান, দেশের সামগ্রিক বাজেটের একটি বড় অংশ কেবল ঋণের সুদ পরিশোধেই চলে যায়। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকার আধুনিক সরকারি আর্থিক ব্যবস্থাপনা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে, যাতে অর্থনীতিকে আরও টেকসই ও কার্যকর ভিত্তির ওপর দাঁড় করানো যায়।
তিনি বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা চ্যালেঞ্জপূর্ণ। সরকারের ওপর অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের উল্লেখযোগ্য চাপ রয়েছে। তবুও সব শ্রেণি-পেশার মানুষের অর্থনৈতিক কল্যাণ ও সুবিধার বিষয়টি বিবেচনায় রেখেই নতুন জাতীয় বাজেট প্রণয়নের চেষ্টা করা হয়েছে।
আসন্ন বাজেটের লক্ষ্য সম্পর্কে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করাই সরকারের অন্যতম অগ্রাধিকার। একই সঙ্গে দেশের অর্থনৈতিক কাঠামোকে শক্তিশালী বিনিয়োগভিত্তিক অর্থনীতিতে রূপান্তর করা হবে।
তিনি আরও বলেন, এ লক্ষ্য অর্জনে ঋণের ওপর নির্ভরতা কমিয়ে উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়াতে হবে। পাশাপাশি সরকারের পরিচালন ব্যয়ও ধীরে ধীরে হ্রাস করার প্রয়োজন রয়েছে। জনগণের স্বার্থ সুরক্ষা এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করার মাধ্যমে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যের দিকে এগিয়ে নিতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।