ব্যাংক থেকে ব্যাংকে লেনদেনে ফি নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১১:২৮ পিএম
ব্যাংক থেকে ব্যাংকে অর্থ লেনদেনের ক্ষেত্রে ফি নির্ধারণ করে নতুন সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১ জুলাই) কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করে।
সার্কুলারে বলা হয়েছে, ন্যাশনাল পেমেন্টস সুইচ বাংলাদেশের (এনপিএসবি) মাধ্যমে সম্পাদিত লেনদেন এবং কার্ডভিত্তিক সরকারি অর্থ পরিশোধ ব্যবস্থায় পয়েন্ট অব সেল (পিওএস) ও বাংলা কিউআর কোডের মাধ্যমে পরিচালিত লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) সংক্রান্ত সীমা নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, আগের সার্কুলারের সব ধরনের ফি, চার্জ ও শর্ত অপরিবর্তিত থাকবে। তবে এনপিএসবির আওতায় শুধুমাত্র বাংলা কিউআর কোড ব্যবহার করে ব্যাংক হিসাব, ডেবিট ও প্রিপেইড কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের (পিএসপি) মাধ্যমে মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে অধিগ্রহণকারী (অ্যাকোয়ারিং) ব্যাংক বা প্রতিষ্ঠান মার্চেন্টের কাছ থেকে সর্বনিম্ন ১ শতাংশ (ভ্যাটসহ) এমডিআর আদায় করতে পারবে।
এ ছাড়া ডিজিটাল লেনদেন সম্প্রসারণে কোনো অ্যাকোয়ারিং প্রতিষ্ঠান চাইলে প্রচারণামূলক ক্যাম্পেইন পরিচালনা করতে পারবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ-২-এর পরিচালক মো. শরাফত উল্লাহ খান স্বাক্ষরিত এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।