যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১১:১২ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দেওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠকে বসতে ইরানের অনীহার খবর প্রকাশের পর বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ে, যার প্রভাব পড়ে তেলের বাজারে।

বুধবার (১ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার ভোরের লেনদেনে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫০ সেন্ট বা শূন্য দশমিক ৬৯ শতাংশ বেড়ে ৭৩ দশমিক ৪৫ ডলারে পৌঁছেছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬৩ সেন্ট বা শূন্য দশমিক ৯১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭০ দশমিক ১৩ ডলারে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা বাধাগ্রস্ত হতে পারে—এমন আশঙ্কায় বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর ফলে বিনিয়োগকারীরা নতুন করে তেল কেনার দিকে ঝুঁকছেন, যা দামের ঊর্ধ্বগতিতে ভূমিকা রাখছে।

এর আগে মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে ইতিবাচক অগ্রগতির কারণে চলতি বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের মধ্যে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ৪৫ ডলার কমে যায়। ২০০৮ সালের বৈশ্বিক অর্থনৈতিক সংকটের পর এটিই ছিল সবচেয়ে বড় প্রান্তিক মূল্যপতন।

একই সময়ে ডব্লিউটিআই ক্রুডের দামও ব্যারেলপ্রতি প্রায় ৩১ ডলার কমেছিল, যা ২০২০ সালের করোনা মহামারির পর সর্বোচ্চ প্রান্তিক পতন হিসেবে বিবেচিত হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970