আমি না থাকলে এখন ইসরায়েলের অস্তিত্বই থাকত না: দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৮:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পেছনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রভাব ছিল— এমন অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, তার সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ নিজস্ব এবং তিনি না থাকলে বর্তমানে ইসরায়েলের অস্তিত্বই থাকত না।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৩ জুন) ‘পড ফোর্স ওয়ান’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ট্রাম্প।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত তিনি নিজেই নিয়েছেন। তার ভাষ্য, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যায় না এবং সেই কারণেই তিনি এমন অবস্থান নিয়েছেন।

এ সময় তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, এসব কথা তার রাজনৈতিক প্রতিপক্ষরা ছড়াচ্ছে। তাদের কটাক্ষ করে তিনি বলেন, তারা আসলে কী করছে, সেটিই জানে না।

ট্রাম্প আরও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তার উদ্বেগ নতুন নয়। প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালীন সময় থেকেই তিনি এ বিষয়ে কঠোর অবস্থানে ছিলেন। সে সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের অধীনে স্বাক্ষরিত ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি।

সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরানের সম্ভাব্য হামলার প্রথম লক্ষ্যবস্তু হতে পারত ইসরায়েল। তাই দেশটির নিরাপত্তা নিশ্চিত করতে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “আমি না থাকলে আজ ইসরায়েল বলে কিছুই থাকত না।”

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970