খানজাহান আলীর মাজারের সেই দিঘির কুমিরটিকে সরানো হলো সুন্দরবনে

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৯:২৭ পিএম

ছবি: সংগৃহীত

বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান আলী (র.)-এর মাজার সংলগ্ন দিঘিতে থাকা একমাত্র কুমিরটিকে অবশেষে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দর্শনার্থী ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগের বিশেষজ্ঞ দল স্থানীয়দের সহযোগিতায় কুমিরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে খুলনায় স্থানান্তর করেছে।

বুধবার (৩ জুন) দুপুরে দিঘির পূর্ব পাড়ের একটি ছোট পুকুর থেকে কুমিরটিকে ধরা হয়। পরে এর হাত-পা ও চোখ বেঁধে বন বিভাগের বিশেষ গাড়িতে করে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়।

কুমিরটি ধরার অভিযানে সকাল থেকেই বন বিভাগ, পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা মাজার এলাকায় অবস্থান নেন। বেলা সাড়ে ১০টার দিকে কুমিরটির অবস্থান শনাক্ত করা হলে দুপুর ১২টার দিকে খাবারের প্রলোভন দেখিয়ে কৌশলে সেটিকে দড়ি দিয়ে নিয়ন্ত্রণে আনা হয়। এরপর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দিঘি থেকে তুলে পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়।

অভিযান চলাকালে খুলনা বিভাগীয় বন সংরক্ষক ইমরান আহমেদ, সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী, বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগের নির্মল কুমার পাল এবং বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু রাসেলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুমিরটিকে শেষবারের মতো দেখতে বিপুল সংখ্যক মানুষ মাজার এলাকায় ভিড় করলেও নিরাপত্তার কারণে কাউকে এর কাছে যেতে দেওয়া হয়নি। তবে কুমিরটি সরিয়ে নেওয়ার পর স্থানীয় বাসিন্দা ও মাজারের খাদেমদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অপসারণের পর মাজারের প্রধান ঘাটে অনেক দর্শনার্থীকে নিশ্চিন্তে গোসল করতেও দেখা গেছে।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আতিয়া খাতুন জানান, জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসনের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী কুমিরটিকে খুলনার পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে স্থায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১ জুন রাতে মাজার সংলগ্ন দিঘিতে গোসল করতে নেমে সাত বছর বয়সী শিশু ফাতেমা আক্তার কুমিরের হামলার শিকার হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কুমিরটি শিশুটির পা ধরে পানির গভীরে টেনে নিয়ে যায়। পরদিন ভোরে দিঘির মহিলা ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনের সভাপতিত্বে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যেই দিঘি থেকে কুমিরটিকে অপসারণ করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970