পঞ্চগড়ে ঘরের বেড়া কেটে ঢুকে মামী-ভাগনিকে দলবদ্ধ ধর্ষণ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৯:০৩ পিএম
পঞ্চগড়ে মামী-ভাগ্নীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) রাতে দেবীগঞ্জ থানায় ভুক্তভোগী ভাগ্নীর বাবা মামলাটি করেন।
মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ মে রাতে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যান দুই ভুক্তভোগী। অনুষ্ঠান শেষে তারা নিজ এলাকায় ফিরে বাড়িতে তালাবদ্ধ অবস্থা দেখতে পান। পরে আশ্রয়ণ প্রকল্পে থাকা ভাগ্নীর বাসায় যাওয়ার চেষ্টা করলে প্রতিবেশী পারভেজ ব্যাটারিচালিত ভ্যানের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে কয়েকজন যুবককে সেখানে ডেকে আনেন।
অভিযোগে বলা হয়, ওই সময় পারভেজ, রাসেল ও বিশ্বজিৎ ঘরের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে ভাগ্নীকে ধর্ষণ করেন। একই সময়ে অজ্ঞাতনামা আরও চারজন বাড়ির পাশে মামীকে ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
পরদিন দুই নারীর শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয়দের সহায়তায় তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, ধর্ষণের অভিযোগ নিয়ে গত ১ জুন রাতে দুই নারী হাসপাতালে ভর্তি হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালেক বলেন, এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।