বরগুনায় ডাকবাংলো থেকে নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৯:২২ পিএম

ছবি: সংগৃহীত

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে এক নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল ৪টার দিকে ডাকবাংলোর পাশাপাশি দুটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত নারী স্মৃতি রানী বরগুনা শহরের কালিবাড়ী এলাকার বাসিন্দা এবং দুলাল রায়ের স্ত্রী। তিনি জেলা পরিষদের ডাকবাংলোতে খণ্ডকালীন ঝাড়ুদার হিসেবে কর্মরত ছিলেন। উদ্ধার হওয়া দুই শিশুর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা স্মৃতি রানীর সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে ডাকবাংলোর পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত কাজের সময় পাশাপাশি দুটি কক্ষে মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে বরগুনা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করেন।

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, নারী ও দুই শিশুকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে কীভাবে এ ঘটনা ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ ইব্রাহিম ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ঘটনার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম বলেন, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

এ ঘটনায় জেলাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের সম্ভাবনাসহ সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970