ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফি'তে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা আইনজীবীর

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১০:৪০ পিএম

ছবি: সংগৃহীত

ব্রাজিল ফুটবল দলের প্রতি ভালোবাসা থেকে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট গোলাম মোস্তফা। তিনি ঘোষণা দিয়েছেন, বিশ্বকাপ চলাকালীন ব্রাজিল দলের সমর্থকদের অর্ধেক ফিতে আইনি সহায়তা প্রদান করবেন।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের শোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট গোলাম মোস্তফার এমন ঘোষণায় স্থানীয় ব্রাজিল সমর্থকদের মধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

স্থানীয় ব্রাজিল সমর্থক রাকিবুল ইসলাম রনি ও মোহাম্মদ সজিবসহ কয়েকজন জানান, ব্রাজিল সমর্থকরা ভালোবাসার মূল্য দিতে জানেন। তাদের মতে, অ্যাডভোকেট গোলাম মোস্তফার এই উদ্যোগ সেই ভালোবাসারই বহিঃপ্রকাশ। তবে মাঠের খেলায় ব্রাজিলের খেলোয়াড়রা কোনো প্রতিপক্ষকে ছাড় দেয় না এবং এবারও দলটি বিশ্বকাপ জিতে নিজেদের সেরার আসনে প্রতিষ্ঠিত করবে বলে তারা আশাবাদী।

এ বিষয়ে অ্যাডভোকেট গোলাম মোস্তফা বলেন, ছোটবেলা থেকেই ফুটবল তার প্রিয় খেলা। পেলে, রোনালদো ও রোনালদিনহোর মতো কিংবদন্তি ফুটবলারদের খেলা দেখে তিনি ব্রাজিল দলের প্রতি আকৃষ্ট হন। ১৯৯৮ সাল থেকে তিনি নিয়মিত ব্রাজিলের সমর্থন করে আসছেন।

তিনি আরও বলেন, ব্রাজিলের খেলোয়াড়দের নান্দনিক ফুটবল ও দক্ষতা তাকে সবসময় মুগ্ধ করে। তার বিশ্বাস, এবারের বিশ্বকাপেও ব্রাজিল শিরোপা জিতবে। সেই ভালোবাসা থেকেই বিশ্বকাপ চলাকালীন তার কাছে আসা ব্রাজিল সমর্থক মক্কেলদের অর্ধেক ফিতে আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

কোনো ব্যক্তি ব্রাজিলের সমর্থক কি না, তা কীভাবে নির্ধারণ করা হবে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, সমর্থকদের উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কথাবার্তা ও প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত ব্রাজিল সমর্থকদেরই এ বিশেষ সুবিধা দেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970