নকল জার্সি পরেই বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়েছিল আর্জেন্টিনা!
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৯:৪২ পিএম
বিশ্বকাপ ইতিহাসে দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের গল্প ফুটবলপ্রেমীদের কাছে সুপরিচিত। তবে সেই ঐতিহাসিক ম্যাচে আর্জেন্টিনা যে নকল জার্সি পরে খেলেছিল, সেই তথ্য অনেকের কাছেই অজানা।
১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। মেক্সিকো সিটির তীব্র গরমে অনুষ্ঠিতব্য ওই ম্যাচে ইংল্যান্ড সাদা জার্সি পরায় আর্জেন্টিনাকে গাঢ় রঙের জার্সি ব্যবহার করতে হতো। কিন্তু দলের নীল জার্সিগুলো ছিল মোটা সুতির কাপড়ে তৈরি, যা গরম আবহাওয়ায় খেলোয়াড়দের জন্য বেশ অস্বস্তিকর হয়ে উঠতে পারত।
এমন পরিস্থিতিতে দলের গোলরক্ষক হেক্টর জেলাদা বিকল্প সমাধানের প্রস্তাব দেন। তিনি মেক্সিকো সিটির বিখ্যাত টেপিতো বাজার থেকে জার্সি সংগ্রহের পরামর্শ দেন, যেখানে বিভিন্ন ধরনের নকল পণ্য বিক্রি হতো।
পরে সেখান থেকে হালকা নীল রঙের পলিয়েস্টার জার্সি কেনা হয়। এগুলো ছিল আর্জেন্টিনার তৎকালীন কিট প্রস্তুতকারক ‘লে কক স্পোর্টিফ’-এর জার্সির নকল সংস্করণ বলে জানা যায়।
প্রচলিত তথ্য অনুযায়ী, বাজার থেকে আনা দুই ধরনের জার্সির মধ্যে চূড়ান্তটি বেছে নিয়েছিলেন দিয়েগো ম্যারাডোনা নিজেই। এরপর রাতভর কাজ করে জার্সিগুলোতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যাজ ও খেলোয়াড়দের নম্বর সেলাই করা হয়, যাতে সেগুলো আন্তর্জাতিক ফুটবল সংস্থার নিয়ম মেনে ম্যাচে ব্যবহার করা যায়।
পরদিন সেই জার্সি পরেই মাঠে নেমে ইতিহাস সৃষ্টি করেন ম্যারাডোনা। প্রথমে বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোল করেন তিনি, এরপর অসাধারণ একক নৈপুণ্যে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা গোলটি করে আর্জেন্টিনাকে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় এনে দেন।
এরপর সেমিফাইনালে বেলজিয়ামকে হারিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী লড়াইয়ে পশ্চিম জার্মানিকে পরাজিত করে দলটি দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করে।
ঐতিহাসিক সেই ম্যাচে ম্যারাডোনার পরা জার্সিটি পরবর্তীতে নিলামে প্রায় ৮ দশমিক ৯৩ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়, যা দীর্ঘ সময় ফুটবল স্মারকের সর্বোচ্চ নিলামমূল্যের রেকর্ড হিসেবে বিবেচিত ছিল।