ব্রাজিলকে বিশ্বকাপে ফেভারিট হিসেবে দেখছে না ক্যাসেমিরো
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৮:৫১ পিএম
আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের ফেভারিট দাবি করতে নারাজ ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো। দীর্ঘ ২৪ বছর ধরে বিশ্বকাপ শিরোপার স্বাদ না পাওয়া সেলেসাওদের বর্তমান অবস্থানকে বাস্তবসম্মতভাবেই মূল্যায়ন করেছেন তিনি।
বিশ্বকাপের আগে ফুটবল বিশ্লেষকদের অনেকেই ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন, ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স এবং ইংল্যান্ডকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে দেখছেন। সেই তালিকায় ব্রাজিল কিছুটা পিছিয়ে রয়েছে বলেই মনে করেন ক্যাসেমিরো।
মঙ্গলবার (২ জুন) বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্রে পৌঁছায় ব্রাজিল দল। সেখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার বলেন, ‘হয়তো এবার আমরা এক ধাপ পিছিয়ে আছি। তবে আমরা সতর্ক এবং নিজেদের প্রস্তুত করছি। আমরা ভালো ছন্দে টুর্নামেন্টে যেতে চাই এবং একটি সফল বিশ্বকাপ কাটানোর লক্ষ্য নিয়েই এগোচ্ছি।’
ব্রাজিল দলের সাম্প্রতিক অস্থিরতার বিষয়টিও তুলে ধরেন ক্যাসেমিরো। তিনি বলেন, গত বছর ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন এবং ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এসব পরিবর্তনের কারণে দলকে কিছুটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে।
তার ভাষ্য, ‘কোচ পরিবর্তন, সভাপতি পরিবর্তন এবং নানা ধরনের অস্থিরতা আমাদের জন্য পরিস্থিতিকে কঠিন করে তুলেছিল। আমরা এই কোচের অধীনে খুব বেশি সময় কাজ করার সুযোগ পাইনি। একসঙ্গে অনুশীলনের সময়ও সীমিত ছিল।’
তবে দল নিয়ে আশাবাদী ক্যাসেমিরো। তার মতে, ব্রাজিলের স্কোয়াডে অভিজ্ঞতার পাশাপাশি প্রতিভাবান ও উদ্যমী তরুণ খেলোয়াড়দের সমন্বয় রয়েছে, যা দলকে প্রতিযোগিতায় শক্ত অবস্থানে রাখবে।
আগামী ১১ জুন পর্দা উঠবে ২০২৬ ফিফা বিশ্বকাপের। ‘গ্রুপ সি’-তে থাকা ব্রাজিল ১৩ জুন নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে।