পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ১২:৪০ পিএম

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক এক সিরিজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। মিরপুর টেস্টের পর সিলেটেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সফরকারীদের হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ৭৮ রানের জয় পেয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিকরা।

ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে এবারই প্রথম পাকিস্তানকে ধবলধোলাই করার কীর্তি গড়ল বাংলাদেশ।

৪৩৭ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৭ উইকেটে ৩১৭ রান। শেষ দিনে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল আরও ১২০ রান। অন্যদিকে বাংলাদেশের দরকার ছিল মাত্র তিনটি উইকেট।

পঞ্চম দিনের শুরুতে ব্যাট হাতে মাঠে নামেন আগের দিনের অপরাজিত দুই ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খান। দিনের শুরুতেই রিজওয়ানকে ফিরানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ। নাহিদ রানার বলে স্লিপে ক্যাচ তুললেও সেটি ধরতে পারেননি মেহেদী হাসান মিরাজ।

জীবন পাওয়ার পর রিজওয়ান ও সাজিদ খান অষ্টম উইকেটে গড়ে তোলেন গুরুত্বপূর্ণ জুটি। এতে ম্যাচে ফেরার আশা দেখছিল পাকিস্তান। তবে সেই প্রতিরোধ ভেঙে দেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। সাজিদ খানকে আউট করে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন এই স্পিনার। সাজিদ ৩৬ বলে ২৮ রান করেন।

এরপর দ্রুত বাকি উইকেট তুলে নিয়ে দাপুটে জয় নিশ্চিত করে বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে নতুন ইতিহাস গড়ল টাইগাররা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970