ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণায় থাকছেন ৭০০ সাংবাদিক
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৩:০৭ পিএম
ব্রাজিল জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। নতুন কোচ কার্লো আনচেলত্তির প্রথম বিশ্বকাপ দল ঘোষণাকে কেন্দ্র করে ফুটবল বিশ্বে চলছে জোর আলোচনা।
আগামী সোমবার বিকেল ৫টায় রিও ডি জেনেইরোর জনপ্রিয় ‘মিউজিয়াম অব টুমরো’-তে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের চূড়ান্ত দল ঘোষণা করবেন আনচেলত্তি। এই অনুষ্ঠান কাভার করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৭০০ সাংবাদিক উপস্থিত থাকবেন বলে জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। দেশটির সংবাদমাধ্যম ও’গ্লোবো এ তথ্য প্রকাশ করেছে।
সিবিএফ জানিয়েছে, পুরো আয়োজনটি দুই ভাগে সম্পন্ন হবে। মূল মঞ্চে প্রায় এক হাজার মানুষের বসার ব্যবস্থা রাখা হয়েছে। সেখানে সাংবাদিকদের পাশাপাশি অতিথি ও পৃষ্ঠপোষকরাও উপস্থিত থাকবেন। এছাড়া আলাদা একটি অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে অংশ নেবেন আনচেলত্তি।
৩৪০ আসনের ওই অডিটোরিয়ামে থাকছে বেশ কিছু বিশেষ নিয়ম। ক্যামেরাপারসন ও সাউন্ড টেকনিশিয়ানদের নির্ধারিত স্থানে সরঞ্জাম স্থাপন করতে হবে। ফটোগ্রাফারের সংখ্যাও সীমিত রাখা হয়েছে। একই সঙ্গে প্রতিটি টেলিভিশন চ্যানেলকে মাত্র একটি ক্যামেরা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
বিশ্বকাপ দল ঘোষণার অনুষ্ঠানটি ঘিরে আন্তর্জাতিক আগ্রহ কতটা বেড়েছে, তা বোঝা যাচ্ছে বিদেশি সংবাদমাধ্যমের উপস্থিতিতেই। ব্রাজিল ছাড়াও আরও ১৩টি দেশের সাংবাদিক এ অনুষ্ঠানে অংশ নিতে নিবন্ধন করেছেন। তালিকায় রয়েছে আর্জেন্টিনা, চিলি, যুক্তরাষ্ট্র, এল সালভাদর, ইংল্যান্ড, স্কটল্যান্ড, রাশিয়া, ইতালি, স্পেন, চীন, সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ ও জাপান।
এদিকে দল ঘোষণাকে কেন্দ্র করে ব্রাজিলজুড়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। বিশেষ করে নেইমারের সম্ভাব্য অন্তর্ভুক্তি নিয়ে চলছে তুমুল বিতর্ক। এক পক্ষ এই তারকা ফরোয়ার্ডকে বিশ্বকাপ দলে দেখতে চাইলেও অন্য পক্ষ রয়েছে বিপক্ষে। শেষ পর্যন্ত আনচেলত্তি নেইমারকে দলে রাখেন কি না, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
সব মিলিয়ে ইতালিয়ান এই কোচের প্রথম বিশ্বকাপ দল ঘোষণা এখন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং বিশ্ব ফুটবলের অন্যতম বড় আকর্ষণে পরিণত হয়েছে।